প্রগতি ত্রিপুরা, ২ জুন, ২০২৬: ত্রিপুরা সভা সুন্দর উন্নয়ন সমিতি-র সদর মহকুমা কমিটি মঙ্গলবার সদর মহকুমা শাসকের নিকট বারো দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি প্রদান করে।
সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় গরিব ও গৃহহীন পরিবারগুলিকে অবিলম্বে ঘর প্রদান এবং আবাস নির্মাণের অনুদান ন্যূনতম ৫ লক্ষ টাকা করার দাবি জানানো হয়।
পাশাপাশি লন্ডীজীবীদের জন্য সরকারি স্টল, সহজ শর্তে স্বল্পসুদে ঋণ এবং বিনামূল্যে প্রয়োজনীয় সরঞ্জাম প্রদানের দাবি তোলা হয়।
এছাড়া তপশিলি জাতিভুক্ত ছাত্র-ছাত্রীদের স্টাইপেন্ড বৃদ্ধি ও সময়মতো প্রদান, জাল তপশিলি কার্ড বাতিল, শহরের জলনিকাশী ব্যবস্থার উন্নয়ন, যানজট নিরসন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির দাবি জানানো হয়। ২০১৮ সালের পর রাজনৈতিক কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।
সংগঠনের দাবির মধ্যে ছিল গোবিন্দ বল্লভ পন্থ হসপিটাল ও আই জি এম হসপিটাল-সহ রাজ্যের হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবা, বিশেষ করে রেডিওলজি বিভাগের পরিকাঠামো উন্নয়ন।
পাশাপাশি জাতভিত্তিক জনগণনা দ্রুত সম্পন্ন করা এবং ত্রিপুরায় আরও একটি লোকসভা আসন বৃদ্ধি করে তা তপশিলি জাতির জন্য সংরক্ষণের দাবিও জানানো হয়।
ডেপুটেশনের মাধ্যমে সংগঠনের প্রতিনিধিরা তাদের বিভিন্ন সামাজিক ও জনস্বার্থমূলক দাবি প্রশাসনের নজরে আনেন।







