এক মাস ধরে বিদ্যুৎহীন গ্রামের মানুষ নেমে আসেন রাস্তায়! পন্ড হয়ে গেল আমবাসার সাপ্তাহিক হাট!!

প্রগতি ত্রিপুরা, ৩০ মে, ২০২৬: বিদ্যুতের দাবিতে আমবাসা-গণ্ডাছড়া সড়ক অবরোধ, দীর্ঘ ভোগান্তির পর আশ্বাসে পথ খুললেন এলাকাবাসী দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে বিদ্যুৎহীন হয়ে থাকার প্রতিবাদে আজ শনিবার সকালে পথ অবরোধে নামলেন আমবাসার ঈশানচন্দ্র পাড়ার বাসিন্দারা। বিদ্যুৎ পরিষেবার দাবিতে আমবাসা-গণ্ডাছড়া সড়কের আড়াই মাইল এলাকায় রাস্তা আটকে বিক্ষোভ দেখান তাঁরা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত এক মাসেরও বেশি সময় ধরে তাঁদের এলাকা বিদ্যুৎহীন। বারবার সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েও কোনো সুরাহা না মেলায় আজ সকালে ধৈর্যের বাঁধ ভাঙে এলাকাবাসীর। পরিস্থিতির চাপে পড়ে সকাল ১০টা নাগাদ তাঁরা রাস্তা অবরোধ করেন। এর ফলে আমবাসা-গণ্ডাছড়া প্রধান সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, বিপাকে পড়েন নিত্যযাত্রীরা।

খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছায় আমবাসা থানার পুলিশ। তারা অবরোধকারীদের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালায়। তবে অবরোধকারীরা সাফ জানিয়ে দেন, বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা ঘটনাস্থলে এসে সুনির্দিষ্ট আশ্বাস না দেওয়া পর্যন্ত তাঁরা অবস্থান থেকে সরবেন না।
​পরবর্তীতে আমবাসা বিদ্যুৎ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। উত্তেজিত এলাকাবাসীর সাথে তাঁরা দীর্ঘক্ষণ আলোচনা করেন। দপ্তরের পক্ষ থেকে দ্রুত নতুন ট্রান্সফর্মার বসিয়ে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার প্রতিশ্রুতি দেওয়া হয়।

বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের এই আশ্বাসে আস্থা রেখে দুপুর ১২টা নাগাদ অবরোধ তুলে নেন এলাকাবাসী। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই অবরোধের পর আমবাসা-গণ্ডাছড়া সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এলাকার সাধারণ মানুষ এখন তাকিয়ে আছেন বিদ্যুৎ দপ্তরের দেওয়া সেই প্রতিশ্রুতির বাস্তবায়নের দিকে।

Leave a Comment