অনলাইন ডেস্ক, ১৮ মে, ২০২৬: রাজ্য সরকারের রাজস্ব দপ্তর ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউটের স্থায়ী ক্যাম্পাস তৈরি করার লক্ষ্যে সদর মহকুমার বিক্রমনগর মৌজায় ২৫ একর জমি বরাদ্দের অনুমোদন দিয়েছে। উল্লেখ্য যে, আধুনিক প্রযুক্তির ব্যবহারে যুবশক্তির দক্ষতা এবং প্রতিভা বিকাশের লক্ষ্যে আগরতলাস্থিত নজরুল কলাক্ষেত্রে ২০২২ সালে এই ইন্সটিটিউট চালু করা হয়।
ইন্সটিটিউটটি কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউটের সহযোগিতায় চলছে। শুরুর পর থেকে এখানে চলচ্চিত্র শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে প্রথমবারের মতো ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউটে স্ক্রিন অ্যাক্টিং এবং ফিল্ম অ্যান্ড ভিডিও অ্যাডিটিং-এ এক বছরের স্নাতকোত্তর সার্টিফিকেট কোর্স শুরু হয়েছে।
রাজ্য সরকার ৮০ শতাংশ কোর্স ফি বহন করছে। বরাদ্দকৃত জমিতে স্থায়ী কাঠামো নির্মাণ নিঃসন্দেহে টি.এফ.টি.আই.-কে চলচ্চিত্র ও মিডিয়া শিল্পের ক্ষেত্রে সমস্ত আধুনিক সুযোগ সুবিধা সহ একটি উৎকর্ষ কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য গৃহীত উদ্যোগগুলিকে শক্তিশালী করবে। পাশাপাশি রাজ্যের সমৃদ্ধ ও ঐতিহ্যবাহী জাতি জনজাতির মিশ্র সংস্কৃতিকে জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার ক্ষেত্রেও উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবে।







