প্রগতি ত্রিপুরা, ৯ মে, ২০২৬। তেলিয়ামুড়া থানাধীন শান্তিনগর ক্যাম্পের মাঠ সংলগ্ন এলাকায় সাতসকালে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক বৃদ্ধ মহিলার। মৃতার নাম শিলা সাহা। স্বামীর নাম লক্ষন সাহা।
জানা যায় শনিবার সকালে নিজ বাড়ির ঘরের বারান্দায় শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মঘাতী হন শিলা সাহা। তবে তিনি দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানা যায়।
মৃতার স্বামী লক্ষন সাহা জানান ইতিপূর্বেও একবার পারিবারিক কলহের জেরে তিনি বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সেই যাত্রায় তিনি বেচে যান। তিনি আরও জানান পুত্র বধূর সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল শিলা সাহার।
এই ঝামেলা থানা পর্যন্ত গড়ায়। পরবর্তী সময় ছেলে প্রণব সাহা ও পুত্রবধূ শান্তিনগরের নিজ বাড়ি ছেড়ে বর্তমানে অন্যত্র ভাড়া থাকে।
এইদিন সকালে অগ্নিকান্ডের খবর পেয়ে তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে অগ্নিদগ্ধ অবস্থায় শিলা সাহাকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়।
কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষার পর শিলা সাহাকে মৃত বলে ঘোষণা করে দেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে আসে শোকের ছায়া।







