প্রগতি ত্রিপুরা, ০৮ মে, ২০২৬: পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক ও বিপুল জয়ের আনন্দে আজ ৩৯ মনু বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কলাছড়া বাজার এলাকায় এক বিশাল ও বর্ণাঢ্য বিজয় মিছিলের আয়োজন করা হয়। এদিন সকাল থেকেই দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। বিভিন্ন এলাকা থেকে শত শত কর্মী-সমর্থক কলাছড়া বাজারে একত্রিত হন এবং দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন।
মিছিলটি কলাছড়া বাজারের প্রধান সড়কসহ আশপাশের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। “ভারত মাতা কি জয়”, “বন্দে মাতরম” এবং বিজেপির সমর্থনে বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। মিছিলে নারী, যুবক ও প্রবীণ সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকেই আবির খেলায় মেতে ওঠেন এবং একে অপরকে শুভেচ্ছা জানান।
৩৯ মনু মন্ডলের মন্ডল সভাপতি বিপুল ভৌমিক বলেন পশ্চিমবঙ্গের জনগণ উন্নয়ন, সুশাসন ও জাতীয়তাবাদের পক্ষে রায় দিয়েছেন। এই জয় সাধারণ মানুষের জয় এবং আগামী দিনে দল আরও শক্তিশালীভাবে মানুষের পাশে থেকে কাজ করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। ওনি আরও বলেন, দেশের প্রধানমন্ত্রী -এর নেতৃত্বে দেশ যেভাবে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, তাতে সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে।
বিজয় মিছিলকে ঘিরে পুরো কলাছড়া বাজার এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। নিরাপত্তা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া এই মিছিলে অংশগ্রহণকারী কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। দিনভর আনন্দ-উৎসবের মধ্য দিয়ে এলাকাজুড়ে বিজয়ের আবহ বিরাজ করে।







