বৃষ্টিতে অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৩টি দোকান

অনলাইন ডেস্ক, ০৭ মে, ২০২৬: উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগরে প্রকৃতির তাণ্ডবের মাঝেই ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ড। প্রচণ্ড ঝড়-বৃষ্টির সময় শর্ট-সার্কিট থেকে সৃষ্ট আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান। মুহূর্তের মধ্যে সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন তিন ব্যবসায়ী। আকাশে তখন মেঘের গর্জন আর সাথে প্রচণ্ড ঝড়-বৃষ্টি। ঠিক সেই মুহূর্তেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ড এলাকাকে।

স্থানীয় সূত্রে খবর, হঠাৎ করেই শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।প্রথমে দুটি দোকানে আগুন লাগলেও চোখের পলকে তা ছড়িয়ে পড়ে পাশের আরও একটি দোকানে। স্থানীয় বাসিন্দা ইমদাদুল হোসেন জানান, বৃষ্টির কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছিল। আগুনের ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের আরও দুটি দোকানের মালামাল। এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে ব্যবসায়ী মোসব্বির আলী, একরামুল হোসেন এবং নজরুল ইসলামের স্বপ্ন এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে একটি গ্রোসারি শপ, একটি হার্ডওয়্যার এবং একটি সিমেন্টের দোকান। প্রাথমিক হিসেব অনুযায়ী, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ থেকে ২০ লক্ষ টাকা ছাড়িয়ে গেছে।ঘটনার পরপরই ধর্মনগর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলেও, স্থানীয়দের অভিযোগ— দমকল বাহিনী পৌঁছাতে দেরি হওয়ায় শেষ রক্ষা হয়নি।

দমকল কর্মীরা পৌঁছানোর আগেই এলাকাবাসীরা জীবনের ঝুঁকি নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। পরবর্তীতে দমকলের তৎপরতায় আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।ঝড় বৃষ্টির রাতে এই আকস্মিক দুর্যোগে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সব হারিয়ে এখন দিশেহারা ক্ষতিগ্রস্ত এই তিন ব্যবসায়ী। তারা এখন প্রশাসনের দিকে তাকিয়ে আছেন সামান্য সহযোগিতার আশায়।

Leave a Comment