প্রগতি ত্রিপুরা, ৫ মে, ২০২৬: গত ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে থানার অন্তর্গত বড়খলা এলাকায় অভিযান চালিয়ে একটি গাড়ি (নম্বর TR01D 3432) আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, সেই সময় গাড়ি থেকে বিপুল পরিমাণে, প্রায় ১৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন যাত্রাপুর থানার সাব-ইন্সপেক্টর অমর কিশোর দেববর্মা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। তবে অভিযানের সময়ই কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত হুমায়ন হোসেন।
এরপর থেকেই তাকে ধরতে তৎপর ছিল পুলিশ। দীর্ঘদিন ধরে পুলিশের নজর এড়িয়ে গেলেও শেষ পর্যন্ত রেহাই পায়নি সে। গোপন সূত্রে খবর পেয়ে আজ দক্ষিণ পাহাড়পুর এলাকায় তার নিজস্ব বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় যাত্রাপুর থানার পুলিশ।
যাত্রাপুর থানার ওসি পার্থ নাথ ভৌমিক জানান, ধৃতকে আজই আদালতে পেশ করা হবে এবং পুরো ঘটনার তদন্ত আরও এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি পুলিশের এই সাফল্যে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।








