প্রগতি ত্রিপুরা, ০৫ মে, ২০২৬: ডিজিটাল প্রযুক্তির হাত ধরে স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজ, দ্রুত এবং মানবিক করে তোলার লক্ষ্যে আজ আগরতলায় শুরু হল এক অভিনব উদ্যোগ। এর নাম দেওয়া হয় ‘শান্তিনিকেতন ডিজিটাল হসপিটাল’। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে অনুষ্ঠিত হয় এই কর্মসূচী।
এই উদ্যোগের পিছনে রয়েছে ইতিবাচক বার্তা ফাউন্ডেশন-এর দীর্ঘদিনের ভাবনা। প্রতিষ্ঠাতা মলয় পীটের কথায়, “মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গেলে শুধু হাসপাতাল বাড়ালেই হবে না, দরকার সঠিক প্রযুক্তির ব্যবহার এবং মানবিক সংযোগ।” সেই ভাবনা থেকেই প্রথমে ‘পজিটিভ বার্তা’ নামে একটি সামাজিক প্ল্যাটফর্ম তৈরি হয়, যেখানে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে একত্রিত হন বহু সোশ্যাল ইনফ্লুয়েন্সার।
পরবর্তীতে সেই উদ্যোগই আরও বড় আকার পায় EkDunia.com প্ল্যাটফর্মের মাধ্যমে। এই ডিজিটাল হসপিটালের মূল লক্ষ্য হলো দুর্গম এলাকা হোক বা দূরবর্তী গ্রামাঞ্চল – সব জায়গায় বসেই যেন একজন রোগী সহজেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে পারেন। বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার তিনটি বড় সমস্যা – চিকিৎসকের অভাব, প্রয়োজনীয় ওষুধের ঘাটতি এবং জটিল রেফারেল প্রক্রিয়া – এই উদ্যোগের মাধ্যমে অনেকটাই কমানো সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিন অনুষ্ঠানে উপস্থিত সকলে পুরো বিষয়টি তুলে ধরে সহজ ভাবে বোঝানো হয়। আশা কর্মী, নার্স ও অন্যান্য স্বাস্থ্যদের কাছে তুলে ধরা হয় কীভাবে একটি মোবাইল অ্যাপের মাধ্যমে রোগীর তথ্য নথিভুক্ত করা, GPS ট্যাগিং করা এবং দ্রুত রেফারেল পাঠানো যায়। e-Prescription ব্যবস্থায় চিকিৎসক মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে প্রেসক্রিপশন পাঠিয়ে দিতে পারেন রোগীর মোবাইলে – সেটাও তুলে ধরা হয়।
এছাড়াও, AI-নির্ভর ড্যাশবোর্ডের মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ওষুধের মজুত, মেয়াদ ও চাহিদা সম্পর্কে রিয়েল-টাইম তথ্য পাওয়া যাবে। ফলে ওষুধের অপচয় কমবে এবং প্রয়োজনীয় জায়গায় দ্রুত সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।কর্মশালার পরের দিন থেকেই বাস্তবায়নের কাজ শুরু হবে বলে জানানো হয়েছে।







