প্রগতি ত্রিপুরা, ২৩ এপ্রিল, ২০২৬। উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার কৃষ্ণপুর এলাকায় রয়েল ধাবার নিকটে হঠাৎ নেমে আসা প্রবল ঝড়-বৃষ্টি ও দমকা হাওয়ার জেরে বড়সড় দুর্ঘটনা ঘটে।
বহু পুরাতন একটি গাছ ভেঙে সড়কের উপর পড়ে যায়, আর সেই সময় রাস্তায় থাকা একাধিক গাড়ির উপর আছড়ে পড়ে এই গাছ। জানা যায়, ঘটনাস্থলে একটি বোলেরো গাড়ি, একটি স্কোরপিও এবং একটি ই-রিকশা দাঁড়িয়ে ছিল। ভেঙে পড়া গাছটি সরাসরি বোলেরো ও ই-রিকশার উপর পড়জানা যায়, ঘটনাস্থলে একটি বোলেরো গাড়ি, একটি স্কোরপিও এবং একটি ই-রিকশা দাঁড়িয়ে ছিল। ভেঙে পড়া গাছটি সরাসরি বোলেরো ও ই-রিকশার উপর পড়ে
এতে বোলেরো গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ই-রিকশাটি উল্টে যায়, যাত্রীসহ বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হন।দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের তৎপরতায় খবর দেওয়া হয় ধর্মনগর দমকল দপ্তরে। খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।
আহতদের উদ্ধার করে তড়িঘড়ি ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।আহতদের মধ্যে রয়েছেন অনিতা নাথ, চন্দনা নাথ, অনিমা নাথ, অভিজিত দাস, কার্তিক দাস, বিজন নাথ এবং বিষ্ণু দেব। আহতরা সকলেই বিভিন্ন বয়সের এবং তাদের বাড়ি উপ্তাখালি, বটরশি এবং চন্দ্রপুর এলাকায় বলেও জানা গেছে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ধর্মনগর মহকুমার মহকুমাশাসক দেবযানী চৌধুরী। তিনি পরিস্থিতি খতিয়ে দেখেন এবং জরুরি ভিত্তিতে রাস্তার উপর পড়ে থাকা গাছ কেটে সরানোর ব্যবস্থা করেন। পরে তিনি ধর্মনগর জেলা হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন।
প্রাথমিক চিকিৎসার জন্য তিনি আর্থিক সহায়তাও প্রদান করেন এবং জানান, আগামীকাল তহশিলদারসহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা তদন্ত করে ক্ষতিগ্রস্তদের জন্য অতিরিক্ত অনুদানের ব্যবস্থা করবেন।
এদিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, যদিও বাকিদের অবস্থা আপাতত স্থিতিশীল।
উল্লেখ্য, এই ঝড়-বৃষ্টির জেরে ধর্মনগরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে, যার ফলে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে, প্রশাসনের তরফে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে বলে জানা গেছে।








