প্রগতি ত্রিপুরা, ২১ এপ্রিল। ২০২৬: এডিসি নির্বাচন সাঙ্গ হলেও অশান্ত পাহাড়। নির্বাচনোত্তর সন্ত্রাসের কারনে বাড়িঘর ছাড়া বহু বিজেপি কর্মী সমর্থক। একের পর এক আক্রমণ সংগঠিত করা হচ্ছে বিজেপি পার্টি অফিস সহ বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে। ইতিমধ্যে বহু বিজেপি কর্মী আশ্রয় নিয়েছে রাজধানীর ভগৎ সিং যুব আবাসে।
পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচার থেকে রাজ্যে ফিরে এসে মুখ্যমন্ত্রী ছুটে যান ভগৎ সিং যুব আবাসে। সেখানে আশ্রয় নেওয়া বিজেপি কর্মীদের সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বিজেপি কর্মীদের এবং তাদের পরিবারের খোঁজখবর নেন। এইদিন মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক বিপিন দেববর্মা, মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা।
এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানান এডিসি নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রদেশ বিজেপির বৈঠক করা হয়। কারন তিপ্রা মথা আশ্রিত দুষ্কৃতিরা বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে একের পর এক আক্রমণ সংগঠিত করা হয়েছে। পুলিসকে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যে আইনের শাসন যেন বজায় থাকে।
বাড়িঘর ছাড়া বিজেপি কর্মীরা যেন বাড়িঘরে ফিরে যেতে পারে তার ব্যবস্থা করা হচ্ছে। এডিসি নির্বাচনের পর যে সকল ঘটনা ঘটেছে তা মেনে নেওয়া যায় না। মুখ্যমন্ত্রী এইদিন আরও জানান তিনি রাজ্য পুলিশের মহানির্দেশক ও রাজ্যের মুখ্য সচিবের সাথে বৈঠক করবেন।








