প্রগতি ত্রিপুরা, ১৮ এপ্রিল, ২০২৬: চোখের অস্ত্রপচার এখন রাজ্যেই হয়। রোগীদের বহির্রাজ্যে ছুটে যেতে হচ্ছে না চোখের সমস্যা নিয়ে। অত্যাধুনিক ব্যবস্থাপনায় আগরতলার আইজিএম হাসপাতালে এখন বড় বড় অপারেশন হচ্ছে। দক্ষিণ ত্রিপুরার পালটানার বাসিন্দা স্বদেশ নমঃর ৬ বছরের কন্যা জোস্মিতা নমঃ জন্ম থেকেই চোখে দেখতে পায় না।
দুটি চোখে ক্যাটারাক্ট অর্থাৎ ছানি পড়া ছিল। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের মাধ্যমে শিশুটিকে আই জি এম হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার রবীন্দ্র দাস শিশুটির দুটি চোখের জটিল অস্ত্রপচার করেন। বর্তমানে শিশুটি সুস্থ আছে। চোখে দেখতে পাচ্ছে। চিকিৎসক বলেন জটিল অস্ত্রপচার এখন আইজিএম হাসপাতালে হচ্ছে। ফলে বহির্রাজ্যে আর ছুটে যাওয়ার দরকার নেই। চোখের বিভিন্ন সমস্যার সমাধান আইজিএম হাসপাতালেই আছে।








