প্রগতি ত্রিপুরা , ০৫ এপ্রিল, ২০২৬: ধর্মনগরের উপনির্বাচন ও এডিসি নির্বাচনকে সামনে রেখে রবিবার উত্তর জেলা সফরে যান রাজ্য পুলিশের মহানির্দেশক। এইদিন তিনি উত্তর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পর্যালোচনা বৈঠক করেন। বৈঠকে মূলত ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, উত্তর জেলা ও ঊনকোটি জেলায় এডিসি নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
নির্বাচন যাতে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়, তার জন্য এইদিন বিস্তারিত আলোচনা করা হয় বৈঠকে। বৈঠকে রাজ্য পুলিশের মহানির্দেশক ছাড়াও উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলা শাসক চাঁদনী চন্দ্রান, উত্তর জেলার পুলিশ সুপার অবিনাশ রাই, ঊনকোটি জেলার পুলিশ সুপার সুধাম্বিকা আর সহ অন্যান্যরা।
রাজ্য পুলিশের মহানির্দেশক জানান ধর্মনগরের উপনির্বাচন ছাড়াও উত্তর জেলা ও ঊনকোটি জেলায় এডিসি-র মোট ৪ টি কেন্দ্রের নির্বাচন রয়েছে। সেই নির্বাচনকে সামনে রেখে এইদিন বৈঠক করা হয়েছে। নির্বাচনের পূর্বে ও পড়ে যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ধর্মনগর কেন্দ্রের উপনির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকবে। তবে এডিসি নির্বাচনের জন্য কোন কেন্দ্রীয় বাহিনী এখনো পর্যন্ত পাওয়া যায় নি। তবে রাজ্যে পর্যাপ্ত সংখ্যক টিএসাআর ও আরক্ষা কর্মী রয়েছে। তারা এডিসি নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে থাকবে বলে জানান তিনি।








