প্রগতি ত্রিপুরা , ০৪ এপ্রিল, ২০২৬: শুক্রবার গভীর রাতে বন্য দাঁতাল হাতির আক্রমণে নিজ বাড়িতেই মৃত্যু হয় এক বৃদ্ধার। ঘটনা মুঙ্গিয়াকামী রামকৃষ্ণপুর এ.ডি.সি ভিলেজের জুমবাড়ি এলাকায়। মৃতার নাম মনিমালা দেববর্মা (৭০)। পরে প্রতিবাদে মৃতদেহ নিয়ে স্থানীয় মানুষজন ও পরিবারের সদস্যরা শনিবার সকালে মুঙ্গিয়াকামী বাজার এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বসেন।
দীর্ঘক্ষণ ধরে চলে এই অবরোধ, যার জেরে অচল হয়ে পড়ে যান চলাচল। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান মহকুমা বন আধিকারিক ধীরেন কলই। কিন্তু তাঁর পরিচয় জানা মাত্রই উত্তেজিত জনতা ক্ষোভ উগরে দিয়ে তাঁর উপর চড়াও হয়। পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয় তিপ্রামথা দলের নেতৃত্বরা তাঁকে উদ্ধার করে নিজেদের কার্যালয়ে নিরাপত্তার জন্য নিয়ে যান।
এদিকে ক্ষুব্ধ কিছু উশৃঙ্খল যুবক স্থানীয় ফরেস্ট বিট অফিসে ভাংচুর চালায় বলেও অভিযোগ উঠেছে। পরিস্থিতি আরও অবনতি ঘটে যখন সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক—হিরণ্ময় রায় ও নরেন চক্রবর্তী আক্রমণের শিকার হন। অভিযোগ, সাংবাদিক নরেন চক্রবর্তী’কে লাঠি দিয়ে আঘাত করা হয় এবং বেধড়ক মারধর করা হয়।
পুরো ঘটনা’কে কেন্দ্র করে মুঙ্গিয়াকামী এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছান মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী, যিনি এলাকাবাসীর সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। কিন্তু পরিস্থিতি আরো বেশি উত্তপ্ত হয়ে ওঠে।








