বাসের ধাক্কায় এক এসপিও -র মর্মান্তিক মৃত্যু , আহত ১

প্রগতি ত্রিপুরা, ৩১ মার্চ, ২০২৬: বেপরোয়া মিনি বাসের ধাক্কায় এক এসপিও -র মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং এক পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি মঙ্গলবার দুপুর প্রায় আড়াইটা নাগাদ গন্ডাছড়া-রইস্যাবাড়ি সড়কের দেবনাথ পাড়া বটগাছ চৌমুহনী এলাকায় ঘটে। ঘটনার বিবরণে জানা যায়, এসপিও কর্মী অজেন্দ্র ত্রিপুরা ও পুলিশ কর্মী পরশুরঞ্জন কপালি কোর্ট থেকে জরুরি নথি নিয়ে বাইকে করে থানায় ফিরছিলেন।

সেই সময় গন্ডাছড়া থানা থেকে পুলিশবাহী একটি মিনিবাস নারায়ণপুরের দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বাইকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় দুজনই গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অজেন্দ্র ত্রিপুরা(৫০)কে মৃত ঘোষণা করেন।

ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত পরশুরঞ্জন কপালিকে উন্নত চিকিৎসার জন্য গোমতী জেলার টেপানিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘাতক মিনিবাসটি আটক করেছে। ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment