পূর্বের শত্রুতার জেরে তিনটি বাড়িতে অগ্নিসংযোগ

প্রগতি ত্রিপুরা, ২৬ মার্চ, ২০২৬: উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার মঙ্গলখালী গ্রাম পঞ্চায়েত এলাকায় বৃহস্পতিবার দুপুরে আচমকাই উত্তেজনার বিস্ফোরণ ঘটে। পূর্বের শত্রুতার জেরে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে প্রথমে রাস্তা অবরোধে নামেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করায় ক্ষোভ চরমে ওঠে। পরিস্থিতি মুহূর্তেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উত্তেজিত জনতা তিনটি বাড়িতে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তাদের তৎপরতায় দুটি বাড়ি আংশিকভাবে রক্ষা পেলেও একটি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

বর্তমানে ঘটনাস্থলে মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার বিশাল পুলিশ বাহিনী নিয়ে উপস্থিত রয়েছেন। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ শে মার্চ ঈদের দিন কোন এক বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সেই ঘটনায় এক পক্ষের দুই ভাই গুরুতর জখম হন। পরে শিলচরে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়। মৃতের পরিবারের অভিযোগ, অভিযুক্তদের বিরুদ্ধে ধর্মনগর থানায় মামলা দায়ের করা হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এই ঘটনার জেরেই ক্ষোভে ফুঁসে উঠে বৃহস্পতিবারের এই অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয় বলে দাবি স্থানীয়দের।এদিকে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এলাকায় কড়া নজরদারি জারি রয়েছে।

Leave a Comment