পানীয় জলের সংকটে ভুগছেন এলাকাবাসী

প্রগতি ত্রিপুরা, ০৯ মার্চ, ২০২৬: কমলপুর মহকুমার অন্তর্গত উত্তর কচুছড়া গ্রাম পঞ্চায়েতের কবিরাজটিলা গ্রামে প্রায় দুই বছর ধরে তীব্র পানীয় জলের সংকটে ভুগছেন এলাকাবাসী। কেন্দ্রীয় সরকারের বহুল প্রচারিত জল জীবন মিশন প্রকল্পের আওতায় গ্রামে একটি পানীয় জল প্রকল্প চালু করা হলেও বাস্তবে তার কোনো সুফল পাচ্ছেন না সাধারণ মানুষ।

অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রকল্পের জলের মেশিনটি বিকল হয়ে পড়ে রয়েছে, কিন্তু তা মেরামতের কোনো উদ্যোগই নেওয়া হয়নি। গ্রামবাসীদের দাবি, সমস্যার সমাধানের জন্য বহুবার সংশ্লিষ্ট দপ্তরের দ্বারস্থ হলেও প্রতিবারই নানা অজুহাত শুনতে হয়েছে। কখনো বলা হয়েছে আগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বদলি হয়ে গেছেন, নতুন কর্মকর্তা এলে বিষয়টি দেখা হবে। আবার কখনো জানানো হয়েছে যে দপ্তরে পর্যাপ্ত ফান্ড নেই, তাই মেশিন মেরামত করা সম্ভব নয়।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এলাকাবাসীর অভিযোগ অনুযায়ী এক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাকি সরাসরি বলেছেন“ফান্ডে টাকা নেই, আমরা কি নিজের পকেট থেকে ঠিক করব…?” এই মন্তব্যে ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম। মানুষের প্রশ্ন, কোটি কোটি টাকার সরকারি প্রকল্প যদি বছরের পর বছর অচল অবস্থায় পড়ে থাকে, তাহলে সাধারণ মানুষ তাদের মৌলিক চাহিদা পূরণের জন্য কোথায় যাবে..? দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকট চলতে থাকায় কবিরাজটিলা গ্রামের মানুষের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

অনেকেই প্রতিদিন দূর-দূরান্তে গিয়ে জল সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন। বিশেষ করে নারী ও শিশুদের ভোগান্তি চরমে পৌঁছেছে। এলাকাবাসীর অভিযোগ, কাগজে-কলমে প্রকল্প থাকলেও বাস্তবে তা যেন শুধুই দেখানোর জন্য। ফলে “ঘরে ঘরে জল” দেওয়ার প্রতিশ্রুতি আজ কবিরাজটিলা গ্রামের মানুষের কাছে শুধুই একটি স্লোগানে পরিণত হয়েছে । এদিকে দ্রুত সমস্যার সমাধানের দাবিতে এলাকায় ক্ষোভ ক্রমশ বাড়ছে । এখন দেখার বিষয়, প্রশাসন কি আদৌ নড়েচড়ে বসবে, নাকি কবিরাজটিলা গ্রামের মানুষকে আরও কতদিন তৃষ্ণা আর অবহেলার সঙ্গে লড়াই করতে হবে।

Leave a Comment