প্রগতি ত্রিপুরা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ : চরম আর্থিক সংকট ও দারিদ্র্যের কারণে অসুস্থ কন্যার চিকিৎসা করাতে পারছেন না এক অসহায় মা।
বুকের ফুসফুসে ছিদ্র ধরা পড়েছে ১৩ বছরের কিশোরী ক্যামেলি ত্রিপুরার। বর্তমানে তার শারীরিক অবস্থা উদ্বেগজনক বলে পরিবার সূত্রে জানা গেছে।
ক্যামেলি ত্রিপুরার বাড়ি বিলোনিয়া গ্রাম পঞ্চায়েতের ভারতচন্দ্র নগর এলাকার দেওয়ানজি পাড়া, ১ নম্বর ওয়ার্ডে। তাঁর পিতা রাজমোহন ত্রিপুরা পেশায় দিনমজুর এবং মাতা স্বপ্না রাণী ত্রিপুরা।
অতি সাধারণ এই পরিবারটি দিন আনে দিন খায় অবস্থায় জীবনযাপন করছে। যেখানে দৈনন্দিন খরচ চালানোই কষ্টকর, সেখানে মেয়ের ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগাড় করা তাঁদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
চিকিৎসকদের মতে, দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা না করলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। কিন্তু প্রয়োজনীয় অর্থের অভাবে চিকিৎসা প্রক্রিয়া শুরু করাও সম্ভব হচ্ছে না।
অসহায় মা স্বপ্না রাণী ত্রিপুরা সমাজের সহৃদয় মানুষদের কাছে সাহায্যের আবেদন জানিয়ে বলেন, “আমার মেয়েকে বাঁচাতে যা যা দরকার, তা করার সামর্থ্য আমাদের নেই। সকলের একটু সহযোগিতা পেলে হয়তো আমার মেয়েটা নতুন করে বাঁচার সুযোগ পাবে।”
এমন হৃদয়বিদারক পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংস্থা ও সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসীরাও।
যে কোনও সহৃদয় ব্যক্তি সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাইলে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নম্বরে: ৮৭৯৮২২৫৪০৬। মানবিক সহায়তা পেলেই হয়তো নতুন করে জীবনের আলো দেখতে পারে ছোট্ট ক্যামেলি।








