অনলাইন ডেস্ক, ০৪ ফেব্রুয়ারী, ২০২৬: ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) আগামী ২৪ ফেব্রুয়ারি রাজ্য নির্বাচন কমিশনারদের (এসইসি) জাতীয় সম্মেলনের আয়োজন করবে। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্য নির্বাচন কমিশনাররা এই সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। সম্মেলনটি নয়াদিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হবে।
জাতীয় এসইসি সম্মেলনটি ২৫ বছরেরও বেশি সময়ের বিরতির পর অনুষ্ঠিত হতে চলেছে। এর আগে শেষবার এই ধরনের সম্মেলন ১৯৯৯ সালে অনুষ্ঠিত হয়েছিল। মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার সম্মেলনে সভাপতিত্ব করবেন এবং নির্বাচন কমিশনার ড. সুখবীর সিং সান্ধু এবং ড. বিবেক যোশি সম্মেলনে উপস্থিত থেকে রাজ্য নির্বাচন কমিশনারদের উদ্দেশে বক্তব্য রাখবেন।
রাজ্য নির্বাচন কমিশনাররা তাঁদের আইনগত ও প্রযুক্তিগত বিশেষজ্ঞদের সঙ্গে সম্মেলনে অংশগ্রহণ করবেন এবং নিজেদের মতামত উপস্থাপন করবেন। ইসিআই-এর অধীন সমস্ত ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকরা (সিইও) এই জাতীয় সম্মেলনে উপস্থিত থাকবেন।
এই সম্মেলনের প্রধান উদ্দেশ্য হলো নিজ নিজ আইনগত কাঠামোর মধ্যে নির্বাচনী প্রক্রিয়া ও লজিস্টিকস সংক্রান্ত বিষয়ে ইসিআই এবং এসইসিগুলির কার্যক্রমে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা গড়ে তোলা। অংশগ্রহণকারীরা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটার যোগ্যতা সংক্রান্ত নির্বাচনী আইন, ইসিআই-এর নেতৃত্বে পরিচালিত প্রযুক্তিগত উদ্যোগ যেমন, সম্প্রতি চালু হওয়া ইসিনেট (ECINET) ডিজিটাল প্ল্যাটফর্ম, ইভিএমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।
ইসিআই সংবিধান ও দেশের আইনগত কাঠামো অনুযায়ী ভোটার তালিকা প্রস্তুতকরণ এবং নির্বাচন পরিচালনার ক্ষেত্রে নিজেদের অভিজ্ঞতা থেকে বিশেষজ্ঞ সহায়তাও প্রদান করবে। ৭৩তম ও ৭৪তম সংবিধান সংশোধনীর ক্ষমতাবলে সংশ্লিষ্ট রাজ্যগুলির আইনের অধীনে রাজ্য নির্বাচন কমিশনগুলি গঠিত হয়েছে।
পঞ্চায়েত ও পৌর সংস্থাগুলির সকল নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুতকরণ এবং নির্বাচন পরিচালনার তত্ত্বাবধান, দিকনির্দেশ ও নিয়ন্ত্রণের দায়িত্ব এসইসিগুলির ওপর ন্যস্ত। রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিকের কার্যালয় থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।








