প্রগতি ত্রিপুরা, ০৯ জানুয়ারী, ২০২৬: প্রশাসনিক ও শিল্প ক্ষেত্রে ত্রিপুরার সফল সংস্কারমূলক পদক্ষেপে গবেষণা ও উপলব্ধি গ্রহণ করতে বিহার সরকার ইচ্ছা প্রকাশ করেছে। সারা দেশে ব্যবসার সুবিধার্থে শিল্পবান্ধব প্রশাসন তৈরী করার লক্ষ্যে বিহার সরকার ত্রিপুরা সরকারের কাছে আমন্ত্রণ জানিয়েছে বিহারে একটি বিশেষ আলোচনায় অংশগ্রহণের জন্য।
তাই গতকাল ত্রিপুরার মুখ্য সচিব জীতেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সেখানে যায়। বিহারের মুখ্য সচিব প্রত্যায়া অমৃত এর নেতৃত্বে সেখানে গতকাল বৈঠক অনুষ্ঠিত হয় এবং উভয় রাজ্যের মুখ্য সচিব এবিষয়ে অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময় উভয় রাজ্যের উন্নয়নে সহায়ক হবে বলে অভিমত প্রকাশ করেন।
বৈঠকে ‘ত্রিপুরা মডেল’ এর উপর আলোচনা করতে গিয়ে ত্রিপুরার প্রশাসনিক সংস্কার, সরলীকৃত নীতি ও ব্যবসার সুবিধার্থে প্রতিষ্ঠানিক যেসব পরিবর্তন আনা হয়েছে ইত্যাদি গুরুত্ব পায়। উল্লেখ্য, ত্রিপুরার ক্যাবিনেট অনুমোদিত টাস্ক ফোর্সের ডিরেগুলেশন কমপ্লায়েন্স রিডাকশন ১০ উদ্যোগ দেশের মধ্যে সেরা বলে গণ্য হয়।
এই উদ্যোগের মধ্যে রয়েছে সিঙ্গেল উইন্ডো অনুমতির ব্যবস্থা, অনলাইন অনুমোদনের ব্যবস্থা এবং জমি ও শ্রম সংক্রান্ত আইনে উল্লেখযোগ্য সংস্কার, কেন্দ্রীয় পরিদর্শন ব্যবস্থা, জল, বিদ্যুৎ সংক্রান্ত অনুমোদন ইত্যাদি। আলোচনাকালে ত্রিপুরার প্রতিনিধিগণ কিভাবে বিনিয়োগকারীদের আকর্ষিত করতে বিভিন্ন পুরনো নিয়ম নীতি ও জটিল আইনকে সহজ করা হয়েছে তা নিয়ে আলোচনা করেন।
বিহার সরকারও তাদের শিল্প ক্ষেত্রকে আরও বিনিময়কারী ও স্বচ্ছ করতে ত্রিপুরার মডেল গ্রহণ করতে আগ্রহ প্রকাশ করেছে। ত্রিপুরা থেকে প্রতিনিধি দলে আরও ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, নগরোন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং এবং অন্যান্য আধিকারিকগণ। শিল্প ও বাণিজ্য দপ্তর থেকে এক প্রেস রিজিলে এই সংবাদ জানানো হয়েছে।








