অনলাইন ডেস্ক, ১৭ ডিসেম্বর, ২০২৫: ঊনকোটি জেলাকে আরও পরিস্কার ও পরিবেশ সচেতন জেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গতকাল ঊনকোটি জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে জেলার জেলাশাসক ডা. তমাল মজুমদার এক সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, আগামীকাল ১৮ ডিসেম্বর সকাল ১০টায় ‘প্লাস্টিক ফ্রি উনকোটি’ অভিযান সূচনা করা হবে।
এই অভিযানের সূচনার দিনেই জেলায় ৫০ হাজার প্লাস্টিক ও শুকনো বর্জ্যের ডাস্টবিন বসানো হবে। তিনি আরও জানান, ১৮ ডিসেম্বর কুমারঘাট ব্লক এলাকায় ১১ হাজার, গৌরনগর ব্লকে ৫ হাজার, চন্ডীপুর ও পেঁচারথল ব্লকে ৪ হাজার করে এবং কৈলাসহর ও কুমারঘাট পুর এলাকায় ৫ হাজার করে ডাস্টবিন বসানো হবে। বাকি ডাস্টবিনগুলি বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে স্থাপন করা হবে।
জেলাশাসক সাংবাদিক সম্মেলনে আরও বলেন, এছাড়াও জেলার বর্জ্য ব্যবস্থাপনার পরিকাঠামো আরও শক্তিশালি করা হচ্ছে। প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটিতে বর্জ্য পৃথকীকরণ কেন্দ্র চালু করা হচ্ছে এবং স্বচ্ছতা কর্মীও নিয়োগ করা হচ্ছে। বর্জ্য সংগ্রহ ও পরিবহনের জন্য বিশেষ যানবাহনের ব্যবস্থাও করা হয়েছে।
তিনি আরও জানান, জেলার প্রতিটি ব্লক প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট গড়ে তোলা হচ্ছে। কুমারঘাট ব্লক ইউনিট ইতিমধ্যেই চালু হয়েছে। পেঁচারথল ব্লকের ইউনিটি ১৮ ডিসেম্বর উদ্বোধন করা হবে। কৈলাসহর ও কুমারঘাট পুর এলাকায় টার্শিয়ারি ওয়েস্ট প্রসেসিং সেন্টার ইতিমধ্যেই কার্যকর হয়েছে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস বলেন, এই অভিযান শুধুমাত্র প্লাস্টিক ব্যবহার কমানোর উদ্দেশ্যে নয়, বরং জেলা জুড়ে দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনার সংস্কৃতি গড়ে তোলাই মূল লক্ষ্য। তিনি এই উদ্যোগকে সফল করতে সকলস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন এবং গণমাধ্যমের মাধ্যমে ব্যাপক প্রচারের আহ্বান জানান। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার অতিরিক্ত জেলাশাসক অর্ঘ্য সাহা ও কমলেশ ধর সহ গৌরনগর, চন্ডীপুর ও পেঁচারখল ব্লকের বিডিওগণ।







