অনলাইন ডেস্ক, ১৪ ডিসেম্বর, ২০২৫: শনিবার আগরতলায় বিজেপি-এর জনজাতি মোর্চার উদ্যোগে আয়োজিত যোগদান সভায় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা ও জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মার বক্তব্যকে তীব্র ভাষায় নিন্দা করল তিপ্রা মথা। রবিবার রাজ অন্দরে সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন তিপরা মথার নেতা রাজেশ্বর দেববর্মা।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ককবরক ভাষা নিয়ে মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছেন সেটা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ নিজ ভাষা কিভাবে উন্নয়ন করবে সেটা সেই ভাষাভাষী অংশের মানুষের অধিকার। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের নেতা এন্টনি দেববর্মা সহ অন্যান্যরা।
রাজেশ্বর দেববর্মা আরও বলেন, দীর্ঘদিন ধরে জনজাতি সমাজের আশা ছিল বামফ্রন্ট সরকারের পতনের পর নতুন সরকার ককবরক ভাষার দাবিগুলিকে গুরুত্ব দেবে এবং ভাষার উন্নয়নে ইতিবাচক পদক্ষেপ নেবে। কিন্তু শনিবারের সভায় দেওয়া বক্তব্য সেই আশার সম্পূর্ণ বিপরীত। ককবরক ভাষার সার্বিক বিকাশের স্বার্থে রোমান হরফ গ্রহণের দাবিও পুনরায় তোলেন রাজশ্বর দেববর্মা।
এদিন সাংবাদিক সম্মেলন থেকে রাজেশ্বর দেববর্মা আরও দাবি করেন, রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে আয়োজিত জনজাতি মোর্চার যোগদান সভা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তাঁর দাবি, সভায় পাঁচ হাজার লোকও জমায়েত করতে পারেনি বিজেপি-এর জনজাতি মোর্চা। নেতারা জনগণকে আকৃষ্ট করতে ব্যর্থ হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে রাজেশ্বর দেববর্মা বলেন, আসন্ন টিটিএএডিসি নির্বাচনে বিজেপি একটি আসনও পাবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। দিন দিন তিপ্রা মথার শক্তি বৃদ্ধি পাচ্ছে বলে দাবি করেন তিনি। আসন্ন এডিসি নির্বাচনে এবং ২০২৮ -এর বিধানসভা নির্বাচনে মহারাজ প্রদ্যোত কিশোর দেববর্মার নেতৃত্বে সরকার গড়বে বলে আশা ব্যক্ত করেন তিনি।








