অনলাইন ডেস্ক, ০৯ ডিসেম্বর, ২০২৫: ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগের সচেতনতা বৃদ্ধিতে এক সচেতনতা শিবির এবং ছাত্রছাত্রীদের অপুষ্টি ও রক্তাল্পতা শনাক্ত করার জন্য টি থ্রি ক্যাম্প অনুষ্ঠিত হয়।
শনিছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীনে পূর্ব হুরুয়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের উদ্যোগে রসময় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গত ৬ ডিসেম্বর এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।
এই স্বাস্থ্য শিবিরে পূর্ব হুরুয়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের কমিউনিটি হেলথ অফিসার সুদীপ বিশ্বাস বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগ সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করেন।
ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগের প্রাথমিক লক্ষণ সম্পর্কে ধারণা প্রদান করা, রোগ প্রতিরোধে কার্যকর পদক্ষেপগুলো বাস্তবায়ন করা, মশার বংশবৃদ্ধি রোধ করা, রাতে মশারির ব্যবহার নিশ্চিত করা এবং রোগের প্রাথমিক লক্ষণ দেখা দিলে দ্রুত রক্ত পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণের উপরও জোর দেওয়া হয়।
পাশাপাশি কমিউনিটি হেলথ অফিসার অপুষ্টি ও রক্তাল্পতা শনাক্ত করার জন্য অ্যানিমিয়া মুক্ত ভারতের (টি থ্রি ক্যাম্পের) আওতায় মোট ২৯ জন ছাত্রীর হিমোগ্লোবিন পরীক্ষা করা হয়।
পরীক্ষার ফলাফল অনুযায়ী, যাদের হিমোগ্লোবিনের মাত্রা কম ছিল তাদের আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ার পরার্মশ দেন স্বাস্থ্যকর্মীরা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে এই সংবাদ জানানো হয়েছে।








