সোনামুড়া সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য অধিকর্তার সফর

অনলাইন ডেস্ক, ০৯ ডিসেম্বর, ২০২৫: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ডা. দেবাশ্রী দেববর্মার নেতৃত্বে উচ্চপর্যায়ের এক প্রতিনিধি দল আজ সোনামুড়া সামাজিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন এবং হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, অন্তর্বিভাগ, লেবার রুম, রান্নাঘর ও আশপাশের পরিবেশসহ সার্ভিস ডেলিভারির বিভিন্ন মৌলিক দিক পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে সার্ভিস ডেলিভারি উন্নতির জন্য মেডিক্যাল অফিসার ইনচার্জকে বিভিন্ন নির্দেশ ও পরামর্শ দেন স্বাস্থ্য অধিকর্তা। পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক অধিকারের যুগ্ম অধিকর্তা ডাঃ নির্মল সরকার। তিনি সোনামুড়া সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের রোগীদের সাথেও সরাসরি কথা বলেন।

চিকিৎসাধীন রোগীদের চিকিৎসা পরিষেবা প্রদান সম্পর্কে অবহিত হন। পরিকাঠামোগত রক্ষণাবেক্ষণের উপরও স্বাস্থ্য অধিকর্তা গুরুত্ব আরোপ করেন। এই পরিদর্শনের মূল লক্ষ্য হলো জেলা হাসপাতাল সহ মহকুমা হাসপাতালে প্রাপ্ত পরিষেবাগুলির গুণমান এবং কার্যকারিতা বৃদ্ধি করা, যাতে সাধারণ মানুষ উন্নত স্বাস্থ্য পরিষেবা পেতে পারেন।

এছাড়াও পরিদর্শনকালে স্বাস্থ্য অধিকর্তার সঙ্গে ছিলেন সিপাহীজলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং ডিস্ট্রিক্ট হেলথ অফিসার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Leave a Comment