কেন্দ্র ও রাজ্য সরকার চায় প্রত্যেক মহিলা স্বাবলম্বী ও আত্মনির্ভর হোক: সমাজকল্যাণ মন্ত্রী

অনলাইন ডেস্ক, ৬ ডিসেম্বর, ২০২৫: পানিসাগর মোটরস্ট্যান্ড প্রাঙ্গণে গতকাল শারদ সম্মান ২০২৫ এবং তিনদিনব্যাপী স্বসহায়ক দলের মেলা ও প্রদর্শনীর সমাপ্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী টিঙ্কু রায়। অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার চায় প্রত্যেক মহিলা স্বাবলম্বী ও আত্মনির্ভর হোক। রাজ্যে মহিলাদের আত্মনির্ভর করতে স্বসহায়ক দল গঠন করা হচ্ছে।

তাদের উৎসাহিত করতে রাজ্য সরকার বিভিন্ন ব্যাঙ্কের মাধ্যমে ঋণ দেওয়ার ব্যবস্থা করছে। পাশাপাশি স্বসহায়ক দলের মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে, তারা যেন গুণমান সম্পন্ন পণ্য উৎপাদন ও বিক্রি করতে পারেন। বক্তব্য রাখতে গিয়ে ক্রীড়ামন্ত্রী সম্প্রতি চালু হওয়া শ্রমকোডের সুবিধাগুলি নিয়েও আলোচনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক বিনয় ভূষণ দাস, পানিসাগর মহকুমার মহকুমা শাসক সুশান্ত দেববর্মা। উপস্থিত ছিলেন বিধায়ক যাদবলাল নাথ, উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপার্সন ধনঞ্জয় দেবনাথ, বিশিষ্ট সমাজসেবী বিবেকানন্দ দাস, নিরুপম দে, ধনঞ্জয় দাস প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন অনুরাধা দাস। সমাপ্তি অনুষ্ঠানে এবছর দুর্গোৎসব সুন্দর ও সফলভাবে আয়োজন করার জন্য পানিসাগর নগর পঞ্চায়েত এলাকার তিনটি পুজা কমিটিকে সুদৃশ্য ট্রফি এবং আর্থিকভাবে পুরস্কৃত করা হয়। অতিথিগণ পুজা কমিটির প্রতিনিধিদের হাতে ট্রফি ও অর্থ তুলে দেন। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়।

Leave a Comment