প্রগতি ত্রিপুরা, ২১ নভেম্বর, ২০২৫: পুনরায় গৃহস্থের অনুপস্থিতিতে ভাড়াটিয়া সহ বাড়ির মালিকের ঘরে একই রাতে দুঃসাহসিক চুরি কান্ড সংঘটিত হয়। ঘটনা কদমতলা গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ড এলাকায়।
জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক নয়টা নাগাদ বাড়ির এক ভাড়াটিয়া বিনয় দাস বাড়িতে ফিরে এসে দেখেন বাড়ির মালিকের ঘরের দরজার তালা ভাঙা। পাশাপাশি বাড়িতে থাকা ঠাকুর ঘর এবং অপর ভাড়াটিয়া চয়ন দেবের ঘরের দরজার তালাও ভাঙা অবস্থায় রয়েছে।
চুরির ঘটনার খবর পেয়ে আশেপাশের লোকজন ঘরে প্রবেশ করে দেখেন বাড়ির মালিকের বসত ঘরের প্রধান দরজার তালা ভাঙা, ঘরের সমস্ত আলমারির লকার ভাঙা। ভিতরে থাকা জিনিসপত্র এলোমেলো একটি গ্যাস সিলিন্ডার উধাও।
অপরদিকে ভাড়াটিয়া চয়ন দেবের ঘর থেকে চুরি হয়ে যায় নগদ ১০,০০০ টাকা, ১টি গ্যাস সিলিন্ডার, ১টি মোবাইল ফোন সহ আলমারি থেকে একাধিক কাপড় ও বিভিন্ন সামগ্রী।
এছাড়া বাড়ির ঠাকুরঘর থেকেও বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরেরা। ঘটনার খবর পেয়ে কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ভাড়াটিয়ার লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত এগোচ্ছে।








