প্রগতি ত্রিপুরা, ১৮ নভেম্বর, ২০২৫: বিজেপির লক্ষ্য দলীয় সংখ্যা বৃদ্ধি নয়, মানুষের কাছে দায়িত্ব ও আদর্শ পৌঁছে দেওয়া—এই নীতি সামনে রেখে শহর থেকে গ্রাম, সমতল থেকে পাহাড়ি জনপদে অবিরাম কাজ করে চলেছেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।
সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই সোমবার তিনি পৌঁছালেন তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়া কামি ব্লকের অধীন ১৮ মুড়া পাহাড়ের পাদদেশে অবস্থিত হলুদিয়ার বাগলাই এলাকায়।
এই জনপদটি দীর্ঘ ৩৫ বছর ধরে সিপিআইএম ও কংগ্রেসের শাসনকালে এবং বর্তমানে এডিসি-র অধীন তিপ্রা মথা প্রশাসনের সময়েও মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত ছিল বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা।
বিশেষত পানীয় জল, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট—এই চারটি জীবনধারার অপরিহার্য দিকেই দীর্ঘদিন উন্নয়নের ছোঁয়া ছিল না।মন্ত্রীকে সামনে পেয়ে এলাকার প্রবীণ নাগরিক থেকে শুরু করে যুবসমাজ—সবাই তাঁদের বহু বছরের বঞ্চনার কথা স্পষ্টভাবে তুলে ধরেন।
কেউ বলেন, “আজও পানীয় জলের জন্য লড়াই করতে হয়।” কেউ অভিযোগ তোলেন, “স্কুলে যাওয়ার মতো রাস্তাই নেই, বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকার।”
সব অভিযোগ মনোযোগ দিয়ে শোনার পর মন্ত্রী বিকাশ দেববর্মা জানান, সরকারের উদ্দেশ্য প্রতিশ্রুতি দেওয়া নয়, বাস্তবে উন্নয়ন পৌঁছে দেওয়া।
তিনি বলেন,“সরকার মানুষের। তাই মানুষের দাবি—মানুষের অধিকারই আগে। বঞ্চনার ইতিহাস বদলাতে কাজ শুরু হবে দ্রুততম সময়ে।” তিনি আশ্বাস দেন, পানীয় জল প্রকল্প, রাস্তাঘাট নির্মাণ, শিক্ষা অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন দপ্তরের মাধ্যমে বদলের কাজ অতি শীঘ্রই শুরু হবে
।হলুদিয়ার বাগলাইয়ের মানুষের কাছে তাই রবিবারের এই সফর—দীর্ঘ বঞ্চনার অন্ধকারে নতুন আলোর দিশা। সরকারের দায়বদ্ধতার নতুন বার্তায় আরও একবার আশ্বস্ত হলেন পাহাড়পাদদেশের বাসিন্দারা।








