প্রগতি ত্রিপুরা, ১৩ নভেম্বর, ২০২৫: বিলোনীয়ায় আগামী ১৫ এবং ১৬ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিটি প্রমো ফেস্টের উদ্বোধন করবেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। রাজ্যের মিশ্র সংস্কৃতির বিকাশ, জাতি-জনজাতিদের মধ্যে একতার বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রমো ফেস্টের আয়োজন করা হচ্ছে। গত বছর থেকে শুরু হওয়া প্রমো ফেষ্ট রাজ্যের পর্যটন শিল্পের বিকাশে ইতিবাচক প্রভাব ফেলেছে।
বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ মাঠে আগামী ১৫ ও ১৬ নভেম্বর অনুষ্টিতব্য ইউনিটি প্রমো ফেষ্ট উদযাপন উপলক্ষ্যে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা বলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, গত বছর প্রমো ফেষ্ট নামে শুরু করা হলেও রাজ্যের জাতি-জনজাতি অংশের মানুষের একতার বন্ধনকে মাথায় রেখে ইউনিটি শব্দটি সংযোগ করা হয়েছে।
তিনি বলেন, গত ৮ এবং ৯ নভেম্বর গণ্ডাতুইসার নারিকেল কুঞ্জে ইউনিটি প্রমো ফেষ্ট-২০২৫ শুরু হয়েছে যা শেষ হবে আগামী ১২ ডিসেম্বর আগরতলায়। তিনি বলেন, প্রমো ফেস্টের মাধ্যমে রাজ্যের পর্যটন কেন্দ্রগুলির যেমন প্রচার ও প্রসার হবে, তেমনি কৃষ্টি ও সংস্কৃতির বিকাশের পাশাপাশি রোজগারের পথও সৃষ্টি হবে।
নারিকেল কুঞ্জে অনুষ্ঠিত ইউনিটি প্রমো ফেস্টের অনুষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার ৫ জন বেস্ট হোম স্টে’র পরিচালককে পুরস্কৃত করা হয়েছে। তিনি বলেন, বেকারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গত বছর প্রমো ফেষ্ট শুরুর সময় ডুম্বুর লেক সন্নিহিত এলাকায় দপ্তর থেকে ৯টি হোম স্টের অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু দেশ বিদেশের ব্যপক সংখ্যায় পর্যটকের আগমনের ফলে তা বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে ১৫০টি। ফলে পর্যটনকে ভিত্তি করে এলাকার মানুষের আর্থ সামাজিক উন্নয়নও হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, উত্তর পূর্বাঞ্চল ডোনার মন্ত্রকও টুইটের মাধ্যমে রাজ্যে অনুষ্ঠিত ইউনিটি প্রমো ফেস্টের ভুয়সি প্রশংসা করেছে। দেশের বিভিন্ন রাজ্য থেকে আগত পর্যটকের সংখ্যা যেমন দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তেমনি বিদেশি পর্যটকের আগমনে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে সিকিমের পর দ্বিতীয় স্থানে উঠে এসেছে। তিনি বিলোনীয়ার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ মাঠে অনুষ্ঠিতব্য ইউনিটি প্রমো ফেস্টের প্রস্তুতি সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেন।
এই প্রমো ফেষ্ট এর অনুষ্ঠানটিকে সফলভাবে সম্পন্ন করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। আজকের সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন, দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক প্রমোদ রিয়াং, মাইলাড্ডু মগ, স্বপ্না মজুমদার, বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ, বিভিন্ন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, বিএসি’র চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবীগন সহ জেলাশাসক মোঃ সাজাদ পি, জেলা পুলিশ সুপার মৌর্য কৃষ্ণ সি ও পর্যটন দপ্তরের অধিকর্তা প্রশান্ত বাদল নেগী প্রমুখ।







