প্রগতি ত্রিপুরা, ১১ নভেম্বর, ২০২৫: দীর্ঘ তিন সপ্তাহের প্রচেষ্টার পর অবশেষে সাব্রুম থানার পুলিশ এক বিশাল সাফল্য অর্জন করেছে।
গত ১৯ অক্টোবর সাব্রুম এলাকা থেকে এক নাবালিকা ছাত্রী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিল। ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় জোরদার অনুসন্ধান।
মোবাইলের লোকেশন ট্র্যাক করে তদন্তের সূত্র ধরে সাব্রুম থানার পুলিশ জানতে পারে যে, নাবালিকাকে সীমান্ত পেরিয়ে নেপালে নিয়ে যাওয়া হয়েছে।
পরে পুলিশ দলের সক্রিয় তৎপরতায় নেপালের ডং জেলার তুলশীপুর গ্রাম থেকে অপহৃত নাবালিকাকে অপহরণকারীর সৎমায়ের হেফাজত থেকে উদ্ধার করা হয়।
গত ৯ নভেম্বর বিমানে করে উদ্ধারকৃত ছাত্রীকে নিরাপদে সাব্রুমে ফিরিয়ে আনা হয়। অন্যদিকে, অপহরণকারী কৃষ্ণ ঠাকুর (বয়স ৩৫), যিনি অসমের কোকরাঝাড় জেলার বাসিন্দা, তাকে ১০ নভেম্বর মোবাইলের লোকেশন ট্র্যাক করে গ্রেফতার করে সাব্রুম থানার পুলিশ।
সাব্রুম থানার এই অভিযান সম্পর্কে মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার জানান, এই সাফল্যের পেছনে জেলা পুলিশ সুপার মড়িয়া কৃষ্ণা, এএসপি (আইপিএস) বিশাল কুমার, ওসি ওপু দাস এবং গোটা তদন্ত দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।








