অনলাইন ডেস্ক, ১০ নভেম্বর, ২০২৫: রাজ্যের এলিড ক্লাসের মাদক ব্যবসায়ী মান্তুনু সাহার তেলিয়ামুড়া স্থিত বাড়িতে ক্রাইম ব্রাঞ্চের হানা! জিরানিয়া রেলস্টেশনে রেলের কন্টেনারে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
এই ঘটনার তদন্তে নেমেছে ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ স্পেশাল টাস্ক ফোর্স, এবং ইতিমধ্যেই একাধিক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের সূত্র ধরে তেলিয়ামুড়া থানাধীন নেতাজিনগর এলাকার প্রসিদ্ধ ব্যাবসায়ী বাবুল সাহার পুত্র তথা রাজ্যের প্রথম সারির মাদক ব্যবসায়ী মান্তনু সাহার বাড়িতে হানা দেয় ক্রাইম ব্রাঞ্চ ও তেলিয়ামুড়া থানার পুলিশ। বাড়িতে তল্লাশি চালানো হয়, এবং বিভিন্ন নথিপত্র ও সম্ভাব্য প্রমাণ সংগ্রহের চেষ্টা করা হয়।
যদিও তদন্তের স্বার্থে পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চ এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে নারাজ, তবে তেলিয়ামুড়া থানার অভ্যন্তরীণ সূত্রে খবর, জিরানিয়া রেলস্টেশনে মাদক উদ্ধারের ঘটনার সূত্র ধরেই মান্তনু সাহার বাড়িতে অভিযান চালানো হয়েছে।
”উল্লেখ্য, জিরানিয়া রেলস্টেশনে ফেন্সিডিল ও অন্যান্য নিষিদ্ধ মাদকদ্রব্য ভর্তি কন্টেনার উদ্ধারের পর রাজ্য প্রশাসন ও নিরাপত্তা সংস্থাগুলি উচ্চ সতর্কতায় রয়েছে। এই তদন্তের অগ্রগতি রাজ্যের মাদক বিরোধী অভিযানে বড়সড় মোড় আনতে পারে, এবং চোরাচালান চক্রের গভীর যোগসূত্র উন্মোচন হওয়ার সম্ভাবনা রয়েছে।।








