সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী ১০ এবং ২৪ নভেম্বর ঐক্যের পদযাত্রা

অনলাইন ডেস্ক, ০৬ নভেম্বর, ২০২৫: সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তীর বর্ষব্যাপী অনুষ্ঠানের অঙ্গ হিসেবে আগামী ১০ নভেম্বর ও ২৪ নভেম্বর পশ্চিম ত্রিপুরা জেলায় জেলাভিত্তিক পদযাত্রা অনুষ্ঠিত হবে।

আজ পশ্চিম জেলার জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনে পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল একথা জানান।

তিনি বলেন, আগামী ১০ নভেম্বর সকাল ৭টায় পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক পদযাত্রা উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গন থেকে শুরু হবে এবং হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শেষ হবে। এই পদযাত্রার সাথে বৃক্ষরোপন, সাফাই অভিযান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

তিনি জানান কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের উদ্দেশ্যই হল রাজ্য ও দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং ঐক্যের পদযাত্রায় সবাইকে সামিল করা। এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে সকল অংশের জনগণকে এই ঐক্যের পদযাত্রায় অংশ গ্রহণ করার জন্য তিনি আহ্বান জানান।

তিনি আরও জানান এই জেলাভিত্তিক পদযাত্রায় মুখ্যমন্ত্রী মানিক সাহা, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য্য সহ অন্যান্যরা অংশ গ্রহণ করবেন। পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার জানান এই জেলাভিত্তিক পদযাত্রা অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর, জেলা প্রশাসন, জিলা পরিষদ, আগরতলা পুরনিগম, শিক্ষা দপ্তর, জনজাতি কল্যাণ দপ্তর, বিভিন্ন সামাজিক সংগঠনসহ এনএসএস, এনসিসি, স্কাউট গাইড, সমাজ সেবক সহ প্রায় ২০০০ প্রতিনিধি অংশ গ্রহণ করবেন।

Leave a Comment