অনলাইন ডেস্ক, ০৫ নভেম্বর, ২০২৫: রাজ্যের মানুষের স্বার্থে সরকার রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে অত্যাধুনিক ও উন্নত করতে নানা উদ্যোগ নিয়ে কাজ করছে। সরকার চায় চিকিৎসার জন্য রাজ্যের মানুষকে যেন নিজের গাটের অর্থ ব্যয় না করে রাজ্যের বাইরে যেতে হয়।
সেই আশা অনেকটাই পূরণ করবে শিজা হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট। আজ খয়েরপুরের আর কে নগরে শিজা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করে ভাষণ রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা।
ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, প্রায় ২৮ একর জায়গায় ৯০০ কোটি টাকা ব্যয়ে ৪০০ শয্যা বিশিষ্ট মাল্টি ও সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে উঠবে। সরকার উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতার মধ্যদিয়ে সঠিক পরিষেবা দিতে বদ্ধপরিকর।
মনে রাখতে হবে জন্ম থেকে মৃত্যু তার মধ্যে স্বাস্থ্য ব্যবস্থা একটা বিরাট সাপোর্ট সিস্টেম। তাই সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার জন্য অগ্রাধিকার দিয়েছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও অন্যতম লক্ষ্য দেশের প্রতিটি মানুষকে সুষ্ঠ স্বাস্থ্য পরিষেবা প্রদান করা।
মুখ্যমন্ত্রী বলেন, এই হাসপাতাল গড়ে তোলার জন্য রাজ্য সরকার দ্রুত জমি সংক্রান্ত সমস্যার সমাধান করেছে। ভবিষ্যতে এই হাসপাতালকে কেন্দ্র করে গড়ে উঠবে আরেকটি মেডিকেল কলেজ।
অত্যাধুনিক এই হাসপাতালকে কেন্দ্র করে গোটা আরকে নগর উন্নয়নের এক অন্যরূপ পাবে। তিনি বলেন, সরকার কাজের ক্ষেত্রে স্বচ্ছতা নিয়ে এগিয়ে যাচ্ছে বলেই রাজ্য আজ ক্রীড়া, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ সহ উন্নয়নের প্রতিটি ক্ষেত্রেই দ্রুত অগ্রসর হচ্ছে।
রাজ্যের উন্নয়নে কেন্দ্রীয় সরকারও সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে প্রতিটি ক্ষেত্রে। কেন্দ্রীয় সরকারের সহযোগিতার জন্যই রাজ্যে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে নানা পদক্ষেপ যেমন নেওয়া হচ্ছে ঠিক তেমনি নতুন নতুন জাতীয় সড়ক, অত্যাধুনিক বিল্ডিৎ, মল ইত্যাদি নির্মাণ হচ্ছে। শুধু নির্মাণ কাজ সম্পূর্ণ করা নয় রাজ্য সরকারের নজর থাকবে মানুষ যেন সঠিক পরিষেবা পায় তা সুনিশ্চিত করা।
মুখ্যমন্ত্রী বলেন, প্রতিটি কাজের ক্ষেত্রেই ফলোআপ একান্ত দরকার সঠিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে। শিক্ষা, হাসপাতাল নিয়ে আলোকপাত করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ইচ্ছা থাকলেই সব হয়। শিজা হাসপাতাল শুরু হয় একটি ক্লিনিকের মধ্যদিয়ে।
আজ শিজা হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট উত্তর পূর্বাঞ্চলের অন্যতম স্বাস্থ্য প্রতিষ্ঠান এবং সঠিক স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম করে নিয়েছে।
স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে সুষ্ঠ পরিবেশেরও একটা সম্পর্ক রয়েছে। জনপ্রতিনিধিদের সাথে নিয়ে প্রতিষ্ঠানগুলি সঠিক পরিবেশ রক্ষার প্রতিও গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণে বিধায়ক রতন চক্রবর্তী বলেন, বর্তমানে রাজ্য সরকারের স্বচ্ছ কাজের ফলে সঠিক উন্নত স্বাস্থ্য পরিষেবা গড়ে উঠেছে।
এই হাসপাতালকে কেন্দ্র করে মানুষ আর্থিকভাবেও লাভবান হবেন কর্মসংস্থানের ক্ষেত্রে। সম্মানীয় অতিথি হিসেবে ভাষণ রাখেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিতো।
বক্তব্য রাখেন শিজা হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান ওএমডি পথিন মুনভঙ্গবাম। ভাষণ রাখেন জগিন্দ্র সরোখাইফম। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন কে বাঙ্গথাঙ্গ।








