প্রগতি ত্রিপুরা, ৫ নভেম্বর, ২০২৫: ত্রিপুরা পাবলিশার্স গিল্ড ও এগিয়ে চল সংঘের যৌথ উদ্যোগে আগামী ৭ নভেম্বর, ২০২৫ (শুক্রবার) থেকে তিন দিনের “বই উৎসব” অনুষ্ঠিত হতে যাচ্ছে আগরতলা মেলারমাঠস্থিত এগিয়ে চল সংঘের প্রাঙ্গণে।
ত্রিপুরা পাবলিশার্স গিল্ডের তরফে সাংবাদিক সম্মেলনে কথা বলেন সভাপতি শুভব্রত দেবসহ অন্যান্যরা৷ এই “বই উৎসব” চলবে ৯ নভেম্বর ২০২৫ (রবিবার) পর্যন্ত।
রাজ্যের বিশিষ্ট প্রকাশকরা (বাংলা, ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা) এই বই উৎসবে তাঁদের সেরা সংগ্রহ নিয়ে উপস্থিত থাকবেন।
তিনদিন ব্যাপী এই বই উৎসবে বেশ কয়েকটি পুরস্কার প্রদান করা হবে। ‘দিপালী বৈদ্য খাসনবীশ স্মৃতি সাহিত্য পুরস্কার’ এ বছর প্রদান করা হবে বিশিষ্ট সাহিত্যিক বিমলেন্দ্র চক্রবর্তীকে এবং শান্তিসুধা স্মৃতি সাহিত্য পুরস্কার এ বছর প্রদান করা হচ্ছে রুনিত দেববর্মাকে।
চল্লিশ বৎসরের কম বয়সি রাজ্যের কবিদের মধ্য থেকে একজনকে শান্তিসুধা স্মৃতি সাহিত্য পুরস্কার প্রতি দুই বৎসরে একজনকে এই পুরস্কারে ভূষিত করা হয়। এবছর ককবরক ভাষার নতুন প্রজন্মের কবি রুনিত দেববর্মাকে এই পুরস্কার দেওয়া হবে।
এছাড়াও প্রতি বছরের মতো “শ্রেষ্ঠ শারদ স্মরণিকা” পুরস্কার দেয়া হবে ২০২৪ এবং ২০২৫ সালের জন্য। তিনটি করে মোট ছয়টি স্মরণিকাকে এই পুরস্কার দেয়া হবে। আগামী ৯ নভেম্বর ২০২৫ রবিবার সন্ধ্যায় এই পুরস্কার প্রদান করা হবে।
২০২৪-এর জন্য প্রথম পুরস্কার ‘মোহনা’ (জেপিসি, জয়নগর), দ্বিতীয় পুরস্কার ‘উন্নয়নী’ (উন্নয়নী আবাসন সংস্থা, রামনগর ৭) ও তৃতীয় পুরস্কার ‘উন্মিলন’ (উন্মিলন উন্নয়ন সংস্থা, উত্তর বাধারঘাট)-কে প্রদান করা হবে।
একই মঞ্চে (৯ নভেম্বর, ২০২৫) ২০২৫-এর জন্য এই পুরস্কার পাবেন ‘প্রতিবিম্ব’ (মডার্ন ক্লাব, ভট্টপুকুর) প্রথম পুরস্কার। দ্বিতীয় পুরস্কার পাবেন ‘নবোদয়’ (নবোদয় সংঘ, রামনগর – ৭) এবং তৃতীয় পুরস্কার পাবেন ‘ধলেশ্বরী’ (ব্লু লোটাস ক্লাব, ধলেশ্বর)।
বই উৎসবে ন্যূনতম দশ শতাংশ ছাড় থাকবে।








