প্রগতি ত্রিপুরা, ১৪ অক্টোবর, ২০২৫। , মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) দুপুর প্রায় ১২টা ৫০ মিনিটে খবর পাওয়া যায়।
যে আগরতলা থেকে কলকাতা গামী ইন্ডিগো সংস্থার একটি বিমান (ফ্লাইট নং 6E 9203) উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় এবং জরুরি ভিত্তিতে বিমানটি আগরতলা বিমানবন্দরে ফিরে আসে।
বিমানটির নির্ধারিত উড্ডয়নের সময় ছিল দুপুর ১২টা ৩৫ মিনিট। বিমানে মোট ১৭৭ জন যাত্রী, একজন শিশু এবং ৬ জন ক্রু সদস্য উপস্থিত ছিলেন।
দুপুর ১টা ০৪ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে এবং সেটি বিমানবন্দরের বে নম্বর ০৭-এ পার্ক করা হয়। সকল যাত্রী সম্পূর্ণ নিরাপদে বিমানের বাইরে নামেন; কোনো ধরনের দুর্ঘটনা বা আঘাতের খবর পাওয়া যায়নি।
বিমানের পরিদর্শনে জানা যায়, পাখির ধাক্কায় বিমানের বাম দিকের ইঞ্জিনের টারবাইনের পাঁচটি ব্লেড ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর বিমানবন্দর কর্তৃপক্ষ এবং ইন্ডিগো টেকনিক্যাল টিম তদন্ত শুরু করেছে।








