প্রগতি ত্রিপুরা, ৯ অক্টোবর, ২০২৫। l রাত্রিকালীন নিরাপত্তা ব্যাবস্থা’কে চ্যালেঞ্জ জানিয়ে মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে চুরির ঘটনা!
ঘটনার বিবরণে জানা যায়, পূজার বন্ধ খোলার পর বৃহস্পতিবার বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের শিক্ষকরা স্কুলে গিয়ে দেখতে পান বিদ্যালয়ের প্রিন্সিপালের রুম সহ মোট তিনটা রোমের দরজা খোলা অবস্থায় রয়েছে।
তারপর দেখা যায় মোট দশটা আলমিরা খোলা অবস্থায় রয়েছে এবং ভেতরে থাকা বিভিন্ন ফাইল এবং প্রয়োজনীয় কাগজপত্র যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে।
পাশাপাশি বিদ্যালয়ের যে সিসিটিভি রয়েছে সেই সিসিটিভির মূল হার্ডডিস্ক নিয়ে গেছে।
স্বাভাবিকভাবেই এই ঘটনা চাক্ষুষ করে বিদ্যালয়ের তরফ থেকে বিদ্যালয় উন্নয়ন কমিটির সাথে যারা যুক্ত তাদেরকে জানানো হয় এবং তেলিয়ামুড়া থানায় জানানো হয়।
তেলিয়ামুড়া থানা থেকে এ.এস.আই নেপাল মুন্ডার নেতৃত্বে পুলিশ বিদ্যালয়ে ছুটে যায়।
এবং প্রতিনিধি দলের সাথে কথা বলার সময় পুলিশের তরফ থেকে দাবী করা হয়েছে, ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে বিদ্যালয়ের তরফ থেকে দাবী করা হয়েছে, এখনো পর্যন্ত স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে না কি কি চুরি হয়েছে।
তবে শুধুমাত্র বিদ্যালয়ে না, মাইগঙ্গা এলাকাতে পর্যন্ত এই চুরির ঘটনা অল্প সময়ের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে।
একটা অংশ অনুমান করছে ক্রমবর্ধমান নেশা এই চুরির পেছনে ভূমিকা পালন করেছে। এখন দেখার বিষয় পুলিশ প্রকৃতপক্ষে তদন্ত করে কিছু বার করতে পারে কিনা।
এখানে উল্লেখ করা প্রয়োজন, ইতিপূর্বে তেলিয়ামুড়া থানার অন্তর্গত একাধিক বিদ্যালয়ে প্রায় একই রকম চুরির ঘটনা ঘটলেও পুলিশ কোন ক্ষেত্রেই সফলতা অর্জন করতে পারেনি।








