তেলিয়ামুড়ায় ভেঙে পড়লো আলোক সজ্জার গেট!আতঙ্ক!!

প্রগতি ত্রিপুরা, ১ অক্টোবর, ২০২৫। তেলিয়ামুড়ায় ভেঙে পড়লো আলোক সজ্জার গেট!আতঙ্ক!! শারদীয়া দুর্গোৎসবের আনন্দ মুখর আবহের মাঝেই তেলিয়ামুড়া শহরে ঘটল এক আতঙ্কজনক দুর্ঘটনা।

মঙ্গলবার রাতে প্রবল বৃষ্টিপাতের কারণে তেলিয়ামুড়া থানাধীন নেতাজি নগর ব্রিজ সংলগ্ন স্থানে দুর্গা পূজার আলোক সজ্জার জন্য নির্মিত একটি বিশাল বাঁশের গেইট হঠাৎ ভেঙে পড়ে একটি চলন্ত টোটোর উপর।

আকস্মিক এই ঘটনার জেরে মুহূর্তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা।

দীর্ঘ প্রচেষ্টার পর অগ্নিনির্বাপক দপ্তর ও তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের দুর্যোগ মোকাবিলা দল মিলে জাতীয় সড়কের উপর পড়ে থাকা গেইট সরিয়ে নেয়।

এরপর যান চলাচল স্বাভাবিক হয়। সৌভাগ্যক্রমে বড়সড় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে দুর্ঘটনার ভয়াবহতা প্রত্যক্ষ করে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দারা জানান, পূজার ভিড়ের সময় এমন একটি ঘটনা নিরাপত্তা ব্যবস্থার বড়সড় ত্রুটি ও অবহেলার পরিচয় দেয়।

তাঁদের দাবি, প্রশাসনের উচিত পূজা কমিটিগুলির কার্যকলাপ ও নির্মাণকাজের উপর আরও কঠোর নজরদারি করা, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

এই ঘটনার পর থেকেই পূজা মণ্ডপ ও আলোকসজ্জার কাঠামো নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। আবহাওয়া প্রতিকূল হলে বড় গেইট বা বাঁশের বিশাল কাঠামো জনসাধারণের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে মনে করছেন সচেতন মহল।

এদিকে, প্রোগ্রেসিভ ইয়ুথ ক্লাব তথা স্থানীয় বনেদি পূজা কমিটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে, প্রাকৃতিক দুর্যোগের সময় দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন।

দর্শকদের সুবিধার্থে সদস্যরা অক্লান্ত পরিশ্রম করবেন এবং পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

দুর্গা পূজার উৎসবমুখর সময়ে এই ধরনের দুর্ঘটনা আবারও মনে করিয়ে দিল— উৎসবের আনন্দ যতটা গুরুত্বপূর্ণ, তার সঙ্গে নিরাপত্তার দিকেও সমান মনোযোগ দেওয়া প্রয়োজন।

Leave a Comment