অনলাইন ডেস্ক, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ : রুদ্রসাগর উদ্বাস্তু ফিসারম্যান সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা গত ২৫ সেপ্টেম্বর সমিতির অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উচ্চ শিক্ষা মন্ত্রী কিশোর বর্মন সভায় উপস্থিত ছিলেন। সভায় মন্ত্রী কিশোর বর্মণ বলেন, জীবন জীবিকার প্রয়োজনে যারা সমিতির সাথে যুক্ত তাদের প্রত্যেকের জন্য সমিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, সমিতির যেসব জন কল্যাণমূলক কাজ হচ্ছে তাতে সমিতির সভ্য-সভ্যাদের সুচিন্তিত মতামত উপস্থাপন সমিতির কাজকে আরো এগিয়ে নিয়ে যাবে। সমিতির অস্তিত্ব বজায় রাখতে তিনি সমিতির যে কোন কাজকে গুরুত্ব সহকারে সকলের অংশীদারিত্বের মধ্য দিয়ে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।
তিনি আরো বলেন, বর্তমানে রুদ্রসাগর এলাকার বেশীর ভাগ মানুষই আর্থিক দিক থেকে স্বচ্ছল, স্বনির্ভর ও স্বাবলম্বী হয়ে উঠছে কিন্তু এর পেছনে রুদ্রসাগর উদ্বাস্তু ফিসারম্যান সমবায় সমিতির যে অবদান রয়েছে তা অস্বীকার করা যায় না। তাই এই সমিতির ঐতিহ্য ও সংস্কৃতি সহ সমস্ত কিছুকে বজায় রেখে আগামী দিনেও এই সমিতিকে বাঁচিয়ে রাখার বিষয়ে মন্ত্রী কিশোর বর্মণ গুরুত্ব আরোপ করেন।
সভায় এছাড়াও বক্তব্য রাখেন নলছড় ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান স্বপন কুমার দাস। রুদ্রসাগর উদ্বাস্তু ফিসারম্যান সমবায় সমিতির বার্ষিক প্রতিবেদন পেশ করেন সমিতির সম্পাদক পরমেশ্বর দাস। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সভাপতি পবিত্র কুমার দাস। অনুষ্ঠানে সিপাহীজলা জিলা পরিষদের সদস্যা মিনাক্ষী দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
এদিন অনুষ্ঠানে এবছরের মাধ্যমিক পরীক্ষায় ২৭ জন এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৩৬ জন সহ মোট ৬৩ জন প্রথম বিভাগে উত্তীর্ণ সমিতির সদস্য পরিবারের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি সমিতির দুই হাজার জন সাধারণ সদস্য-সদস্যাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।








