আধুনিক পদ্ধতিতে মাছ চাষে মাছচাষিদের বেশি করে এগিয়ে আসতে হবে: শিল্প ও বাণিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ : আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করার জন্য শিল্প ও বাণিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা মাছচাষিদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ হেজামারা ব্লকের সুবলসিংস্থিত সীতাছড়া লেক এবং তুইসাও টুলুৎ লেকে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় মাছের পোনা ছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে যুবকদের মাছচাষে আরও বেশি করে এগিয়ে আসার পরামর্শ দেন।

যে দুটি লেকে মাছের পোনা ছাড়া হয়েছে সেগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্ব এলাকাবাসীদের নেওয়ার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। মৎস্য দপ্তরের উদ্যোগে এই দুটি লেকে আজ মাছের পোনা ছাড়া হয়। শিল্প ও বাণিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসির কার্যনির্বাহী সদস্য (শিক্ষা) রবীন্দ্র দেববর্মা, হেজামারা বি.এ.সি.-র চেয়ারম্যান সুনীল দেববর্মা, মৎস্য দপ্তরের সচিব দীপা ডি. নায়ার, হেজামারা ব্লকের বিডিও মানস মুড়াসিং, মোহনপুরের মৎস্য তত্ত্বাবধায়ক দীপমালা রায় প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মৎস্য দপ্তরের উপ-অধিকর্তা বিজয় রায়। অনুষ্ঠানে অতিথিগণ দুটি লেকে মোট ৩৭ হাজার বিভিন্ন জাতের মাছের পোনা ছাড়েন। এতে সব মিলিয়ে ব্যয় হয়েছে ৬৬ হাজার টাকা। উল্লেখ্য, এই দুটি লেকের আয়তন হচ্ছে ৩৭ হেক্টর।

Leave a Comment