অনলাইন ডেস্ক, ১৭ সেপ্টেম্বর, ২০২৫: মা সুস্থ থাকলে তার সন্তানও সুস্থ থাকবে। সর্বোপরি এর সুফল ভোগ করবে গোটা পরিবার। তাই পরিবারে মায়ের সুস্থতার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে।
আজ ‘সুস্থ নারী, সশক্ত পরিবার’ কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে মোহনপুর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষিমন্ত্রী রতনলাল নাথ একথা বলেন। তিনি বলেন, সুস্থ নারী, সশক্ত পরিবার কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যে ৭ হাজার ৪২৩টি শিবির করা হবে।
এরমধ্যে অনেক শিবিরেই বিশেষজ্ঞ চিকিৎসকগণ উপস্থিত থেকে রোগীদের স্বাস্থ্য পরিষেবা দেবেন। এছাড়া আয়োজন করা হবে রক্তদান শিবিরেরও। বলা বাহুল্য এতে উপকৃত হবে গোটা সমাজই। কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন বিকশিত ভারতের স্বপ্ন টিকে রয়েছে চারটি স্তম্ভের উপর।
এগুলি হচ্ছে মহিলা, যুবক, কৃষক ও সমাজের পিছিয়েপড়া অংশের মানুষ। এই চারটি স্তম্ভ যাতে নানাভাবে বিকশিত হতে পারে সে লক্ষ্যে কেন্দ্রীয় সরকার কাজ করে চলেছে।
কৃষিমন্ত্রী রতনলাল নাথ সুস্থ নারী, সশক্ত পরিবার কর্মসূচির অঙ্গ হিসেবে স্বাস্থ্য পরিষেবার যে কর্মসূচি নেওয়া হবে তাতে অংশ নেওয়ার জন্য নারী সমাজের প্রতি অনুরোধ জানিয়েছেন।
অনুষ্ঠানে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, মায়েরা যাতে ভালো থাকতে পারেন সে লক্ষ্যে সুস্থ নারী, সশক্ত পরিবার কর্মসূচি শুরু করা হয়েছে। এই কর্মসূচি চালু করায় এবং ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে বিশেষ ভূমিকা নেওয়ায় তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের সকল রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয়।
এছাড়াও টিবি রোগীদের মধ্যে প্রোটিন জাতীয় খাদ্যসামগ্রী দেওয়া হয়। এই কর্মসূচির অঙ্গ হিসেবে মোহনপুর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে আজ একটি স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ ১৬০ জন রোগীর চিকিৎসা করেন এবং তাদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।
অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে মোহনপুর পুরপরিষদের চেয়ারপার্সন অনিতা দেবনাথ, ভাইস চেয়ারপার্সন শংকর দেব, মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, ভাইস চেয়ারম্যান সঞ্জীব কুমার দাস, সমাজসেবী কার্তিক আচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।








