আদি কর্মযোগী অভিযান, বর্তমান রাজ্যসরকার জনজাতিদের সার্বিক উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিয়েছে: মুখ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক, ১৬ সেপ্টেম্বর, ২০২৫: সাধারণ জনগণের সামগ্রিক অংশগ্রহণের মাধ্যমেই বিভিন্ন সরকারি কর্মসূচির শতভাগ সাফল্য অর্জন করা সম্ভব।

তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেকোন সরকারি কর্মসূচি রূপায়ণে জনগণের অংশীদারিত্বের উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, দেশের প্রান্তিক মানুষের সামগ্রিক উন্নতি না হলে রাজ্য ও দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।

আজ প্রজ্ঞাভবনে আদি কর্মযোগী অভিযানের অন্তর্গত রাজ্যন্তরীয় ওরিয়েন্টেশন প্রোগ্রাম এবং স্টেট প্রসেস ল্যাবস-এর উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা।

অনুষ্ঠানে আলোচনায় মুখ্যমন্ত্রী বলেন, ১০ জুলাই ২০২৫-এ বিকশিত ভারত অভিযানে আদি কর্মযোগী অভিযান শুরু করা হয়েছে। জনজাতি অধ্যুষিত প্রান্তিক এলাকায় বসবাসকারি মানুষের কাছে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই এই অভিযান শুরু হয়।

দেশে জনজাতি অধ্যুষিত ৫৫০টির বেশি জেলা এবং ৩ হাজার ব্লকের ১ লক্ষ গ্রামের জনজাতিদের ক্ষমতায়ন, দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক অংশগ্রহণের মাধ্যমে ২০ লক্ষ জনজাতি চেঞ্জ মেকার তৈরি করাই আদি কর্মযোগী অভিযানের মূল লক্ষ্য।

এই অভিযানকে বাস্তবায়িত করতে আদি কর্মযোগী, আদি সহযোগী এবং আদি সাথী নামে ৩টি বিভাগে প্রশিক্ষিত ক্যাডার তৈরি করা হবে। মুখ্যমন্ত্রী জানান, আদি কর্মযোগী বিভাগে সরকারি কর্মচারিগণ, আদি সহযোগী বিভাগে শিক্ষক, ডাক্তার, সমাজসেবী এবং আদি সাথী বিভাগে স্বসহায়ক দলের সদস্য, প্রবীন নাগরিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ থাকবেন।

জনজাতি অধ্যুষিত প্রতি গ্রামে আদি সেবাকেন্দ্র স্থাপন করা হবে। আদি সেবাকেন্দ্রটি নাগরিকদের জন্য সিঙ্গেল উইন্ডো পরিষেবা কেন্দ্র হিসেবে কাজ করবে।

তাছাড়া আদি কর্মযোগী অভিযানে সংশ্লিষ্ট সকলের দক্ষতা বৃদ্ধিতে এবং অভিযানের কার্যকরী বাস্তবায়নকে নিশ্চিত করতে রাজ্য, জেলা এবং ব্লক পর্যায়ে প্রশিক্ষণের জন্য রাজ্যস্তরে প্রসেস ল্যাব গঠন করে মাস্টার ট্রেনার, ফ্রন্ট লাইনকর্মী এবং স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেওয়া হবে।

এই অভিযানে রাজ্যস্তরে ৮ জন স্টেট মাস্টার ট্রেনার, ৪০ জন জেলা মাস্টার ট্রেনার এবং ২৬০ জন ব্লক মাস্টার ট্রেনারকে যুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

১৬ থেকে ১৯ সেপ্টেম্বর, স্টেট প্রসেস ল্যাবে জেলা মাস্টার ট্রেনারদের ৪ দিনের আবাসিক প্রশিক্ষণ দেওয়া হবে। ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর জেলা প্রসেস ল্যাব আয়োজন করা হবে।

আজ থেকে ২ অক্টোবর পর্যন্ত ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানে অন্তর্ভুক্ত ভিলেজগুলিতে সেবা পর্ব অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে বিভিন্ন ধরণের শিবিরের আয়োজন করা হবে।

Leave a Comment