মিলছে না দিব্যাঙ্গ ভাতা অসহায় অবস্থায় আছেন কাঞ্চনমালার প্রতিমা সরকার !

প্রগতি ত্রিপুরা, ১৪ই সেপ্টেম্বর ২০২৫: দুই দুইবার আবেদন করেও দিব্যাঙ্গ ভাতা জুটলো না কাঞ্চনমালার প্রতিমার।

গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার ২ নং ওয়ার্ডের বাসিন্দা অসহায় দিব্যাঙ্গ প্রতিমা সরকার ৭৫ শতাংশ দিব্যাঙ্গ, সে দীর্ঘ বছর ধরে তার বড় বোন মিনতি সরকারের কাছে রয়েছে।

তারপরও বোন মিনতি সরকারও দারিদ্রতাকে কাঁধে করে কোনরকম ভাবে দুবেলা দুমুঠো ভাত খেয়ে বেঁচে আছেন ছোট বোন প্রতিমাকে নিয়ে।

২০১৮ বিধানসভা নির্বাচনের পর রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর প্রতিমা সরকার দুই দুইবার দিব্যাঙ্গ ভাতার জন্য আবেদন করেছিল কিন্তু সংশ্লিষ্ট সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর বারবার প্রতিমা সরকারকে দিব্যাঙ্গ ভাতা থেকে বঞ্চিত করে রেখেছে।

দুই দুইবার ভাতার জন্য আবেদন করেও প্রতিমা সরকার কেন ভাতা থেকে বঞ্চিত তা এখনো জানতে পারলো না দিব্যাঙ্গ প্রতিমা সহ তার বোন মিনতি। যেহেতু প্রতিমা সরকার ৭৫ শতাংশ দিব্যাঙ্গ তাই সে দিব্যাঙ্গ ভাতা পাওয়ার অধিকারী।

অবশেষে রবিবার দুপুরে প্রতিমা সরকার এবং তার বোন মিনতি সরকার বাধ্য হয়ে সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়ে তাদের এই দুর্দশার কথা জানালেন এবং রাজ্য সরকারের কাছে প্রতিমা সরকারের জন্য দিব্যাঙ্গর ভাতার দাবি জানিয়েছেন।

এখন দেখার বিষয় সংবাদ প্রকাশিত হওয়ার পর সরকার এবং সংশ্লিষ্ট সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর দিব্যাঙ্গ প্রতিমা সরকারকে ভাতা প্রদানে কি পদক্ষেপ গ্রহণ করে।

Leave a Comment