প্রগতি ত্রিপুরা, ১৩ই সেপ্টেম্বর ২০২৫: ১৬ কোটি কাণ্ডে গ্রেফতার মহিলা ব্যাঙ্ক কর্মী। তিনি ইউকো ব্যাঙ্ক আগরতলা শাখার ক্যাশিয়ার।
মহিলার নাম রামায়নী শ্রীময়ী, বাড়ি আসামের নোয়াগাঁও। আজ তাকে কোর্টে তুলার উদ্দেশ্যে আগরতলা পশ্চিম মহিলা থানা থেকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে।
উল্লেখ করা যায় আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কোষাগার থেকে ১৬ কোটি টাকা উধাও। এই বড় কেলেঙ্কারি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জাল চেকের মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ।
রাজধানীর ইউকো ব্যাঙ্কের প্রধান শাখা থেকে এই বিপুল অর্থ অবৈধভাবে তোলা হয়। কমিশনারের অভিযোগে বলা হয়েছে, চারটি চেক ব্যবহার করে এই অর্থ তোলা হয়েছে। কিন্তু বাস্তবে এএমসি কখনোই ওই চেক ইস্যু করেনি।
বিষয় হল, প্রতারণামূলক ওই চেকগুলোতে ডি.কে. চাকমা এবং প্রাক্তন ইন-চার্জ কমিশনার পি. সামাদের জাল স্বাক্ষর ব্যবহার করা হয়েছে। একসময় নিয়মিত কমিশনার ড. শৈলেশ কুমার যাদব দায়িত্বে না থাকায় সামাদকে ইন-চার্জ কমিশনার হিসেবে রাখা হয়েছিল।
তাঁদের নাম ও স্বাক্ষরের অপব্যবহার করে ব্যাঙ্কের কাছে চেক জমা পড়ে। অভিযোগের ভিত্তিতে ইউকো ব্যাঙ্ক কর্তৃপক্ষ একটি এফআইআর দায়ের করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, এএমসি-র ব্যয়ের হিসাব খতিয়ে দেখার সময়ই এই অনিয়ম ধরা পড়ে।







