প্রগতি ত্রিপুরা, ১০ ই সেপ্টেম্বর ২০২৫: স্বর্ণ পাচার বাণিজ্যকে কেন্দ্র করে যুবক খুন সোনামুড়ায়! মৃত যুবকের নাম সুলেমান হোসেন। বয়স ২২ বছর।
ঘটনার জেরে বুধবার সকাল থেকে ব্যপক চাঞ্চল্য ছড়ায় সীমান্তবর্তী মহকুমা সোনামুড়ায়। জিজ্ঞেসাবাদের জন্য রুকসানা বেগম নামের সীমান্ত গ্রাম এন.সি নগরের এক মহিলাকে আটক করেছে সোনামুড়া থানার পুলিশ।
মঙ্গলবার রাতে অভিযুক্ত খুনিরা গোপন জায়গায় নিয়ে সুলেমানকে খুন করে একটি গাড়ি করে সকালে মৃতদেহ সোনামুড়া হাসপাতাল চত্বরে ফেলে পালিয়ে যায়।
এই খবর ছড়িয়ে পড়তেই সোনামুড়া হাসপাতালে ব্যপক মানুষের ভিড় জমে যায়। ছুটে আসে সোনামুড়া থানার পুলিশ।
মৃত যুবকের পরিজনদের বক্তব্য অনুযায়ী বাংলাদেশ থেকে সীমান্ত বেড়ার ওপর দিয়ে ঢিল ছুড়ে এপারে স্বর্ণ পাচার করে পাচারকারী চক্র।
এন.সি. নগর গ্রামের রুকসানা বেগম নামের এক মহিলা এই স্বর্ণ গুলির ক্যারিংয়ের ব্যবসার সঙ্গে যুক্ত। সে লোক মারফত এগুলিকে সোনামুড়ার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে আগরতলায় পাঠায়।
তা অন্য লোক মারফত চলে যায় কোলকাতায়। গত ৩ দিন আগে এমনই প্রায় ১ কোটি ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণের বিস্কিট সীমান্ত বেড়ার ওপর দিয়ে বাংলাদেশ থেকে ঢিল ছুড়ে এপারে পাঠায় পাচারকারী চক্রের লোকেরা।
তা সংগ্রহের দায়িত্বে ছিল সুলেমান। কিন্তু আদতে তা সে পায়নি। তা নিয়েই গতকাল সন্ধ্যয় এই পাচার চক্রের ৪-৫ জন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।
রাত প্রায় আড়াইটার দিকে সুলেমান তার মাকে ফোন করে জানায় তাকে মারধর করা হচ্ছে। কিন্তু সকালে তার এই চরম পরিণতি লক্ষ্য করা যায়।








