উত্তর জেলায় পুলিশ কর্মীদের মধ্যে বেতার ফোন বিতরণ

প্রগতি ত্রিপুরা, ১০ ই সেপ্টেম্বর ২০২৫: দুর্যোগেও যোগাযোগ ছিন্ন হবে না এবার।

ধর্মনগর জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার বিকেলে ধর্মনগর থানা চত্বরে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পাইলট প্রকল্প হিসেবে মোট ১৩টি ওয়্যারলেস সেট থানার পুলিশ ও ট্রাফিক বিভাগের কর্মীদের মধ্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলাশাসক চাঁদনী চন্দ্রন, জেলা পুলিশ সুপার অভিনাশ রাই, অতিরিক্ত পুলিশ সুপার কমল দেববর্মা, মহকুমা পুলিশ আধিকারিক বি. জুরিন পুইয়া, ধর্মনগর থানার অফিসার ইনচার্জ মিনা দেববর্মা সহ প্রশাসনিক ও পুলিশ বিভাগের একাধিক কর্মকর্তা।

জেলাশাসক সাক্ষাৎকারে জানান,দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে টেলিযোগাযোগ ব্যবস্থা অনেক সময় ব্যাহত হয়। সেই সময় যাতে বিকল্প যোগাযোগ ব্যবস্থা সচল থাকে এবং পরিস্থিতি মোকাবিলা সহজ হয়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

পাশাপাশি আসন্ন দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি সঠিক রাখতে এই ওয়্যারলেস ব্যবহার করা যাবে বলেও তিনি উল্লেখ করেন। জেলা পুলিশ সুপার অভিনাশ রাই এই উদ্যোগের জন্য জেলাশাসককে ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি জানান,স্মার্ট পুলিশিং এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের অংশ হিসেবে এই ওয়্যারলেস সেট বিতরণ করা হয়েছে।

দ্রুত তথ্য পৌঁছানো এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপাতত শুধু ধর্মনগর মহকুমায় বিতরণ করা হলেও আগামী দিনে পুরো জেলাজুড়ে এই ব্যবস্থা চালু করা হয়।

প্রশাসনের এই পদক্ষেপে এলাকার আইনশৃঙ্খলা ও ট্রাফিক নিয়ন্ত্রণে নতুন গতি আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট মহল।

Leave a Comment