সৌর শক্তির দিকেই নজর ত্রিপুরার : মন্ত্রী রতন লাল নাথ

প্রগতি ত্রিপুরা, ৬ই সেপ্টেম্বর ২০২৫: আজ ঊনকোটি জেলার সদর মহকুমার ঊনকোটি কলাক্ষেত্রের ২ নম্বর হলে পিএম সূর্য ঘর মুফত বিজলী যোজনা নিয়ে এক মেগা শিবির অনুষ্ঠিত হয়।

ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ, ৫৩ নম্বর বিধানসভার বিধায়ক বিরজীৎ সিনহা, গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান লক্ষী নমঃ, ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান, পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়, ভাইস চেয়ারপার্সন নীতিশ দে, টিএসইসিএল-এর ম্যানেজিং ডাইরেক্টর বিশ্বজীৎ বসু সহ অনেকে।

ওইমন্ত্রী রতন লাল নাথ জানান, বর্তমানে ত্রিপুরায় বিদ্যুৎ উৎপাদন মূলত প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীল হলেও গ্যাসের সরবরাহ ক্রমশ হ্রাস পাচ্ছে।

ফলে বিকল্প শক্তি হিসেবে সৌর বিদ্যুতের উপর জোর দিচ্ছে সরকার। তিনি বলেন, “২০২৭ সালের মার্চ মাসের মধ্যে ৫০ হাজার গ্রাহকের কাছে এই প্রকল্প পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য।”

পিএম সূর্য ঘর যোজনার আওতায় এক কিলোওয়াট সৌর সিস্টেম স্থাপনে সর্বোচ্চ ৩৩ হাজার, দুই কিলোওয়াটে ৬৬ হাজার এবং তিন কিলোওয়াটে ৮৫ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি প্রদান করা হবে।

ইতিমধ্যেই ১৩,৫৩৬ জন ভোক্তা এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন এবং ২৬৬টি সৌর প্যানেল স্থাপন সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি এই প্রকল্পের সূচনা করেন, যার লক্ষ্য ২০২৭ সালের মধ্যে ১ কোটি ছাদে সৌর প্যানেল বসানো।

Leave a Comment