প্রগতি ত্রিপুরা, ০১ সেপ্টেম্বর, ২০২৫: পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাগৃহে সম্প্রতি জিলা পরিষদের শিল্প বিষয়ক স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন, সংশ্লিষ্ট স্থায়ী কমিটির সদস্য-সদস্যাগণ এবং বিভিন্ন সরকারী দপ্তরের আধিকারিকগণ। সভায় শিল্প ও বানিজ্য দপ্তরের জেলা আধিকারিক জানান, চলতি অর্থবছরে প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশান প্রোগ্রামে পশ্চিম জেলার ৫৬ জনের ঋণের আবেদন স্পনসর করা হয় এবং ১১ জনের ঋণের আবেদন মঞ্জুর করা হয়।
স্বাবলম্বন প্রকল্পে ৩৬৪ জনের ঋণের আবেদন স্পনসর করা হয়। এরমধ্যে ৫৪ জনের ঋণের আবেদন মঞ্জুর করা হয় এবং ৩ জনকে ঋণ দেওয়া হয়েছে।
এই ৩ জনকে ঋণ দেয়া বাবদ ব্যয় হয়েছে ১৬ লক্ষ ৪৬ হাজার টাকা। সভায় হস্ততাঁত, হস্তকারু এবং রেশমশিল্প দপ্তরের জেলা আধিকারিক জানান, চলতি অর্থবছরে পশ্চিম জেলার আগরতলা যোগেন্দ্রনগর, মজলিশপুর, মোহনপুর ও সনখলা এই ৫টি হস্তকারু শিল্পকেন্দ্রে ১৫০ জন হস্তকারু শিল্পীকে স্কিল আপগ্রেডেশান ট্রেনিং প্রোগ্রামে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
এছাড়া কমপ্রিহেনসিভহ্যান্ডিক্রাফটস ক্লাস্টার ডেভালপমেন্ট স্কিমে ৩৫০ জন হস্তকারু শিল্পীকে হস্তকারু শিল্প জাত দ্রব্য তৈরীর সরঞ্জাম দেওয়া হয়েছে। পূর্বাশার প্রতিনিধি সভায় জানান, চলতি অর্থ বছরের এখন পর্যন্ত হস্ততাঁত ও কারুশিল্পীদের কাছ থেকে ৫ লক্ষ ১৪ হাজার টাকার তাঁতবস্ত্র এবং ২০ লক্ষ ৬১ হাজার ১৪০ টাকা হস্তকারু শিল্প সামগ্রী ক্রয় করা হয়েছে।
পূর্বাশার মাধ্যমে ১৩ লক্ষ ৮৫ হাজার ৪২৯ টাকার হস্ততাঁত বস্ত্র সামগ্রী এবং ১১ লক্ষ ৪৫ হাজার ১৮৫ টাকার হস্তকারু শিল্প সামগ্রী বিক্রয় করা হয়েছে।








