ত্রিপুরায় দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের পরিকাঠামো পুনর্গঠন বিষয়ক একদিনের কর্মশালা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক, ০১ অগাস্ট, ২০২৫ : আজ প্রজ্ঞাভবনে ‘ত্রিপুরায় দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের পরিকাঠামো পুনর্গঠন’ বিষয়ক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সমিশন (টিআইএফটি) এবং কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের যৌথ উদ্যোগে এই কর্মশালাটির আয়োজন করা হয়।

এটি একটি চলমান যৌথ গবেষণার অংশ, যার লক্ষ্য ত্রিপুরায় টেকনিক্যাল ভোকেশনাল শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থাকে শক্তিশালী করা। এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর কার্যালয়ের ওএসডি পরমানন্দ সরকার ব্যানার্জী। তিনি তাঁর বক্তব্যে রাজ্যের স্কিলিং উদ্যোগগুলিকে উদীয়মান অর্থনৈতিক সুযোগ ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।

আইআইএম কলকাতার পক্ষে অধ্যাপক সৈকত মৈত্র এবং অধ্যাপক রাজেশ বাবু আর কর্মশালায় আলোচনা করেন। আলোচনায় যে ক্ষেত্রগুলিকে উচ্চ সম্ভাবনাময় হিসেবে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে রয়েছে লজিস্টিকস, আইটি/আইটিইএস, ইকো ট্যুরিজম, কৃষি প্রক্রিয়াকরণ, ফার্মা এবং হস্তশিল্প।

এছাড়াও কর্মশালায় হসপিটালিটি, স্বাস্থ্যসেবা, বাঁশ, রাবার, শিল্প সংযুক্তিকরণ বিষয়ে এবং জনজাতি যুবাদের স্কিলিং বিষয় সহ এন্টারপ্রেণারশিপ ও ডিজিট্যাল স্কিলিং এর বিষয়ে মতবিনিময় করা হয়। কর্মশালায় গৃহীত মতামত ও প্রস্তাব সমূহ আইআইএম কলকাতা এবং টিআইএফটি কর্তৃক প্রণিত চূড়ান্ত নীতিপত্র এবং বাস্তবায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কর্মশালার কার্যবিবরণী ও ফলাফল ব্যাপকভাবে প্রচারে নেওয়া হবে।

যাতে তথ্য নির্ভর নীতি নির্ধারণে সহায়ক হয়। এই উদ্যোগ রাজ্য সরকারের এক সুস্পষ্ট অঙ্গীকারকে প্রতিফলিত করে একটি গতিশীল অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎমুখী স্কিলিং পরিকাঠামো গড়ে তুলবে যা রাজ্যের যুব সমাজকে ক্ষমতায়ণ করবে এবং আর্থিক উন্নয়নে গতি আনবে। টিআইএফটি থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।

Leave a Comment