অনলাইন ডেস্ক, ৩১ জুলাই, ২০২৫। চিরাকুটীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন চারজন।
বুধবার রাত আনুমানিক ১২টা নাগাদ কুমারঘাটের দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ইনোভা গাড়ি (TR-02-M-0599) দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িকে সজোরে ধাক্কা মারলে ঘটে দুর্ঘটনাটি।
মৃতদের মধ্যে রয়েছেন ভগবাননগর এলাকার সাজাদ আলী (চালক ও গাড়ির মালিক), আক্তার আলী ও বনবীর শব্দকর। অপরজন টিএসআর কর্মী মিলন দেববর্মা, যাঁর বাড়ি খোয়াই জেলায়।
প্রত্যক্ষ দর্শীরা জানান, পুলিশের গাড়ির একটি চাকা খারাপ হওয়ায় টিএসআর জওয়ানরা তা পাল্টাচ্ছিলেন। সেই সময় দ্রুতগতির ইনোভা গাড়িটি প্রথমে মিলন দেববর্মাকে ধাক্কা মারে এবং পরে পুলিশের গাড়ির ওপর আছড়ে পড়ে আহতদের উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা চারজনকেই মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয়দের একাংশের দাবি, এত রাতে গাড়িটি কেন এত দ্রুতগতিতে চলছিল, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। গাড়িটি কোনো অবৈধ কার্যকলাপে যুক্ত ছিল কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।








