৬ মাসের তীব্র জলসংকটে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ!!

অনলাইন ডেস্ক, ২২ জুলাই, ২০২৫ : জলকর নিয়মিত পরিশোধ করেও ছয় মাস ধরে এক ফোঁটা পানীয় জল পান না দুর্গাপুর এলাকার মানুষ।

আর সেই কারণেই মঙ্গলবার সকালে ১০টা থেকে ক্ষোভে ফেটে পড়ে কৈলাসহর পুর পরিষদের ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা। বিক্ষুব্ধ জনতা রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন।

দুর্গাপুর এলাকাজুড়ে দীর্ঘদিন ধরে পানীয় জলের সরবরাহ নেই। বাসিন্দারা জানান, বহুবার পুর পরিষদের দ্বারস্থ হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি।

একদিকে নিয়ম করে জলকর নেওয়া হচ্ছে, অন্যদিকে মৌলিক প্রয়োজন জল থেকেই মানুষ বঞ্চিত—এই দ্বৈত নীতির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ।

পথ অবরোধকারীদের অন্যতম একজন, স্থানীয় গৃহবধূ সংবাদমাধ্যমকে বলেন,”পুরসভা বলে জল কর না দিলে প্রয়োজনীয় কাগজ দেয়না। অথচ ছয় মাস ধরে আমরা জল পাচ্ছি না।

তিনি আরও বলেন,”জল না পেলে মানুষ বাঁচবে কীভাবে? শিশুরা স্কুলে যাওয়ার আগে পর্যন্ত জল পায় না, বয়স্করা নোংরা জল খেয়ে অসুস্থ হচ্ছেন। কতদিন এই অবস্থা চলবে?”

বিক্ষোভকারীদের অভিযোগ, ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর অঞ্চল বহুদিন ধরেই উপেক্ষিত। অন্যান্য এলাকায় বিকল্প জল ট্যাংকার এলেও দুর্গাপুর যেন পরিকল্পিতভাবে বাদ পড়ে যাচ্ছে।

এই পথ অবরোধের ফলে একাধিক যানবাহন আটকে পড়ে, শহরের অভ্যন্তরীণ যাতায়াতে বিঘ্ন ঘটে। বর্তমানে পথ অবরোধ চলছে ক্ষুব্ধ জনতার।

Leave a Comment