অনলাইন ডেস্ক, ১৬ জুলাই, ২০২৫: আজ তুলাশিখর ব্লকের অন্তর্গত বাচাইবাড়ি বাজারে মৎস্য দপ্তরের উদ্যোগে মৎস্য বাজার শেড এর উদ্বোধন করেন রাজ্যের বন, বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিটিএএডিসি’র খোয়াই জোনাল চেয়ারম্যান বিষু দেববর্মা, খোয়াই জেলার বিশিষ্ট সমাজসেবী বিনয় দেববর্মা সহ অন্যান্য অতিথিগণ।
অনুষ্ঠানের প্রধান অতিথি বন, বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন, বর্তমান সরকার স্বচ্ছতার সঙ্গে প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের কাজ করছে।
চাকুরি থেকে শুরু করে কৃষি, পানীয়জল, সড়ক নির্মাণ সব ক্ষেত্রেই সঠিক পরিকল্পনার মাধ্যমে বিভিন্ন কাজ রূপায়ণ করা হচ্ছে।
তিনি বলেন, গ্রামাঞ্চলের বাজারগুলিতে কৃষিজাত ও মাছজাত পণ্যের সঠিক বিপননের জন্য বিভিন্ন প্রকল্পে মার্কেট শেড তৈরি করা হচ্ছে। তারই অঙ্গ হিসেবে বাচাইবাড়ি বাজারে এই ফিশ মার্কেট শেড নির্মাণ করা হয়েছে।
তুলাশিখর বাজারে ৫ কোটি ৫ লক্ষ টাকা ব্যয়ে একটি মার্কেট শেড নির্মাণ করা হচ্ছে। এই প্রকল্পগুলি গ্রামীণ এলাকার ব্যবসায়ীদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করবে এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতেও সদর্থক ভূমিকা নেবে।
খোয়াই জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় বলেন, গ্রামীণ অর্থনীতির ভিত্তি শক্তিশালী করতে মাছ চাষের মত জীবিকাগুলিতে সরকারি উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, এই ফিশ মার্কেট শেড শুধু একটি বাজার কাঠামো নয়, এটি এলাকার মৎস্যচাষিদের স্বপ্ন পূরণে সহায়ক হবে। এছাড়া অন্যান্য অতিথিগণও বক্তব্য রাখেন।
স্বাগত বক্তব্য রাখেন খোয়াই মহকুমার মৎস্য তত্ত্বাবধায়ক মানিক দত্ত। অনুষ্ঠানে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা ফিতা কেটে ২৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত রিটেইল ফিশ মার্কেট শেড এর উদ্বোধন করেন।








