আগরতলা, ১২ জুন ২০২৫: “স্বচ্ছতা হি সেবা”, “ফিট ইন্ডিয়া” ও “নেশামুক্ত ভারত অভিযান”–এই তিন গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে বৃহস্পতিবার এক বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করল সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশনের (সিবিসি) আগরতলা শাখা। গোমতী জেলার কাকড়াবন আর.ডি. ব্লকের মুড়াপাড়া গ্রামের মনসাটিলা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়।
এই জনমুখী উদ্যোগে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েতের গণ্যমান্য ব্যক্তিত্বেরা। মঞ্চে ছিলেন মুড়াপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতী রূপালী দাস, উপপ্রধান শ্রী সুজিত সূত্রধর, পঞ্চায়েত সদস্যগণ শ্রী মাখন দাস ও শ্রী বিশ্বজিৎ দে, সমাজকর্মী শ্রী বিষ্ণুপদ চক্রবর্তী এবং কমিউনিটি হেলথ অফিসার মিস সেবিকা দাস।
সারা দিনব্যাপী এই অনুষ্ঠানে ছিল নানা রকম সচেতনতামূলক ও শিক্ষামূলক কর্মসূচি। প্রথমে সেমিনার আয়োজিত হয়, যেখানে মাদকদ্রব্য থেকে দূরে থাকার পাশাপাশি স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা রক্ষার গুরুত্ব সম্পর্কে এলাকার মানুষকে সচেতন করা হয়। এরপর কুইজ প্রতিযোগিতা ও সুস্থ-শিশু প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যা স্থানীয়দের মধ্যে যথেষ্ট উৎসাহ তৈরি করে।
সবচেয়ে উল্লেখযোগ্য ছিল পরিচ্ছন্নতা অভিযান, যেখানে স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সাফাইয়ের কাজ করেন। সবার সম্মিলিত উদ্যোগে মনসাটিলা অঙ্গনওয়াড়ি কেন্দ্র চত্বর পরিচ্ছন্ন করা হয়।
অনুষ্ঠান শেষে সকল প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এই ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি এক ইতিবাচক বার্তা পৌঁছে দেয়| যার মূল কথা হচ্ছে, স্বাস্থ্য, সচেতনতা এবং পরিচ্ছন্নতা আজকের ভারতের মূলমন্ত্র হয়ে উঠছে।
PIB







